জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির আওতায় আসছে রাঙ্গুনিয়া
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:০১
আন্তর্জাতিক সাহায্য সংস্থা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অন্তর্ভুক্ত হতে চলেছে পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলের উপজেলা চট্টগ্রামের রাঙ্গুনিয়া। রাঙ্গামাটি ও বান্দরবান পার্বত্য জেলার সীমান্তবর্তী রাঙ্গুনিয়া উপজেলায় রয়েছে ২০ হাজার উপজাতীয় জনগোষ্ঠীর বসবাস। এই উপজাতীয়দের উন্নয়নে রাঙ্গুনিয়ার সাংসদ পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদের দেয়া ডিও লেটারের ভিত্তিতে রাঙ্গুনিয়াকে নিজেদের উন্নয়ন কর্মসূচিতে সম্পৃক্ত করতে ইতিবাচক সাড়া দিয়েছে ইউএনডিপি। পরিবেশ ও বনমন্ত্রীর বিশেষ সহকারী এনায়েতুর রহিম জানান, ইউএনডিপি’র উচ্চ পর্যায়ের একাধিক প্রতিনিধি পরিবেশ ও বনমন্ত্রীর সাথে দেখা করে রাঙ্গুনিয়ায় উন্নয়ন কর্মসূচি চালু করতে তাদের আগ্রহের কথা প্রকাশ করেন।
রাঙ্গুনিয়া উপজেলা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির আওতায় এলে এই অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে আরও বেশি সমৃদ্ধ হবে। রাঙ্গুনিয়া আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চাকমা জানান, রাঙ্গুনিয়া উপজেলায় বসবাসকারী ২০ হাজার আদিবাসী জনগোষ্ঠী নানাভাবে অবহেলা ও বঞ্চনার শিকার। গত নির্বাচনে আদিবাসী এলাকাগুলোতে বিদ্যুত্ সংযোগ ও পানি সমস্যা নিরসনে নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়ন হয়নি।