দুই দিন নিখোঁজ থাকার পর মেধাবী ছাত্রী মুমুর লাশ উদ্ধার

শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ডামুড্যা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মানহা কানিজ মুমুর ভাসমান লাশ নিখোঁজ হওয়ার দুই দিন পর ডামুড্যা মধ্যবাজার খেয়াঘাটের নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। মুমুর বাবা ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের ১৪ নং বড় সিধলকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। চাকরি সূত্রে তিনি ডামুড্যা বাজারে বাসা ভাড়া নিয়ে থাকেন। তার স্থায়ী ঠিকানা মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বাঁশগারী ইউনিয়নের স্নানঘাটা গ্রামে। মুমু নিখোঁজ হয় গত ২৭ মে রাত আনুমানিক সাড়ে ১০টায়। পারিবারিক সূত্রে জানা যায়, মুমুর সাথে তার বাবার মোবাইলে কথা বলা নিয়ে কথা কাটাকাটি হয়। তারপর হঠাত্ করে সে নিখোঁজ হয়ে যায়। মুমু অত্যন্ত মেধাবী একজন ছাত্রী ছিল। সে ৬ষ্ঠ শ্রেণী থেকে প্রতিবারই শ্রেণীতে প্রথম হয়ে আসছিল।