বাহুবলে থানা ঘেরাও

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর চা বাগানের দুই কিশোরী শ্রমিককে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে কর্মবিরতি পালন ও বখাটেদের গ্রেফতার দাবিতে থানা ঘেরাও করে রশিদপুর ও রামপুর চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে উপজেলার রামপুর চা বাগান নার্সারীর কাছে ওই দুই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে বখাটেরা। জানা যায়, রশিদপুর চা বাগানের ২ কিশোরী শ্রমিক বৃহস্পতিবার সকাল ৭টায় পার্শ্ববর্তী রামপুর চা বাগানে কাজ করতে রওয়ানা হয়। তারা নার্সারীর কাছে পৌঁছলে একই উপজেলার চন্দ্রাটিকী গ্রামের রাবার ব্যবসায়ী লম্পট হাবিব ও তার ৩-৪ সহযোগী ওই কিশোরীদ্বয়কে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এ সময় তাদের চিত্কারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে লম্পটরা দৌড়ে পালিয়ে যায়। এ খবর রশিদপুর ও রামপুর চা বাগানে ছড়িয়ে পড়লে শ্রমিকরা বাহুবল মডেল থানা ঘেরাও করে লম্পটদের গ্রেফতার দাবি করে। এ সময় বাহুবল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, সমাজ সেবক আব্দুল হাই, ভাদেশ্বর ইউপি চেয়ারম্যান মুতাচ্ছির আলী ও থানার এস আই আবুল বাশার দোষীদের গ্রেফতারের আশ্বাস দিয়ে উত্তেজিত চা-শ্রমিকদের শান্ত করেন।