পোশাক শিল্পের সমস্যা নিরসনে দরকার সমন্বিত উদ্যোগ
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:৩৫
দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান সমস্যা সমাধানে মালিকপক্ষ, সরকার ও আন্তর্জাতিক ক্রেতাদের সমন্বিত উদ্যোগ নেয়া জরুরি। কারখানায় কাজের নিরাপত্তা, শ্রমিকের অধিকার, তাদের মজুরির বিষয়টি উপেক্ষা করার সুযোগ নেই। নজর দিতে হবে এখনই। এ জন্য দরকার স্বচ্ছ গাইড লাইন। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশের তৈরি পোশাক খাতের চলমান সংকট সমাধানের উপায় নিয়ে আলোচনাকালে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি সংস্থা পলিসি রিসার্স ইনস্টিটিউট (পিআরআই), মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ (এমসিসিআই) ও এমপ্লয়ার্স ফেডারেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। বাণিজ্য মন্ত্রী জিএম কাদের এতে প্রধান অতিথি ছিলেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার-এর ব্যবস্থাপনা পরিচালক ইফতি ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিআরআই’র নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে আন্তর্জাতিক ক্রেতাদের প্রতিনিধি, মালিকপক্ষ ও শ্রমিক নেতা, শ্রমিক অধিকার সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সম্প্রতি রানা প্লাজা ধসের পর সৃষ্ট সংকট সমাধানে একটি রোডম্যাপ দেয়া হয়। এতে সংকট সমাধানে ১০টি সুপারিশ করে এগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করার কথা বলা হয়। দ্রুততার সাথে কারখানার মান অনুযায়ী শ্রেণি বিন্যাসকরণ, কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা মান, বিজিএমইএ’র দায়িত্বশীল ভূমিকা, ঝুঁকিপূর্ণ কারখানা স্থানান্তর করার জন্য নতুন অর্থনৈতিক অঞ্চল গঠন, এ খাতের পুনর্গঠনে অর্থায়ন, শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো, তাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেয়া, শ্রমিক কল্যাণ ফান্ড নামে নতুন তহবিল গঠন করা, শ্রমিকদের উত্পাদনশীলতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে এ খাতের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে দেশীয় ও আন্তর্জাতিক ক্রেতাদের কাজে লাগানোর সুপারিশ তুলে ধরা হয়।
সাবেক রাষ্ট্রদূত হুমায়ূন কবির বলেন, শ্রমিকদের অধিকার আর নিরাপত্তা ইস্যুর সাথে এখন উন্নত দেশের বাজারে জিএসপি জড়িয়ে গেছে। আমরা শ্রম আইনে কি দিচ্ছি তা দেখতে সারা বিশ্ব তাকিয়ে আছে। চলমান সংকট সমাধানে ক্রেতাদেরও এগিয়ে আসার আহ্বান জানান।
গার্মেন্টস শ্রমিক নেত্রী কল্পনা আক্তার শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ দাবি করেন। প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান বলেন, ওয়ালমার্ট (মার্কিন ক্রেতা প্রতিষ্ঠান) তার ক্রেতাদের প্রতিনিয়ত কম মূল্যে পণ্য দেয়ার কথা বলে। কিন্তু এ জন্য প্রকৃত ভুক্তভোগী আমাদের দেশের শ্রমিকরা। আমদানিকারক হিসেবে তাদের আরো বেশি ভূমিকা রাখা প্রয়োজন। বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম বলেন, ন্যাশনাল অ্যাকশন প্ল্যান এক রকম আবার বায়ারদের চাহিদা আরেক রকম। এটির সমন্বয় করবে কে? শ্রমিকদের ট্রেড ইউনিয়নের বিষয়ে তিনি বলেন, দেশের জন্য ভাল এমন ট্রেড ইউনিয়ন চাই।
বাংলাদেশে মজুরি সবচেয়ে কম এমন ধারণার সাথে দ্বিমত পোষণ করে বাণিজ্য মন্ত্রী বলেন, আমাদের এখানে জীবন ধারণের ব্যয়ও কম। চলমান সমস্যা সমাধানে কারখানার মালিক ও বায়ার—উভয়ের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। চলমান সমস্যা সমাধানে সরকারের অনেক কাজ করা দরকার কিন্তু আর্থিক সঙ্গতি নেই। আলোচনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমসিসিআই’র প্রেসিডেন্ট রোকেয়া এ রহমান, এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট ফজলুল হক, মোহাম্মদী গ্রুপের এমডি রুবানা হক প্রমুখ।