আইএমএফ ঋণের তৃতীয় কিস্তি অনুমোদন
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:৩৬
বর্ধিত ঋণ সহায়তার (ইসিএফ) তৃতীয় কিস্তির ১৩ কোটি ৬৬ লাখ মার্কিন ডলার অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। শিগগিরই এ অর্থ ছাড় করা হবে বলে আইএমএফ জানিয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এক পর্যালোচনায় সরকারের ঋণ ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালীকরণের প্রতিও তাগিদ দিয়েছে সংস্থাটি।
বুধবার ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফের পরিচালনা পরিষদ তৃতীয় কিস্তির অনুমোদন দিয়েছে। তৃতীয় কিস্তি ছাড় হলে মোট ছাড়কৃত ঋণের পরিমাণ দাঁড়াবে ৪০ কোটি ৯৭ লাখ ডলার। ইসিএফের আওতায় তিন বছরে ৭ কিস্তিতে বাংলাদেশকে মোট ৯৫ কোটি ৬০ লাখ ডলার ঋণ দিবে আইএমএফ। সুদমুক্ত এ ঋণ ১০ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। গত বছরের ১২ এপ্রিল ঋণ প্রস্তাব অনুমোদন করে আইএমএফের পরিচালনা পর্ষদ। অবশ্য এর জন্য ১৭টি কঠিন শর্ত দেয় সংস্থাটি।