রাউকের জন্য উন্নয়ন ঋণ বাড়ানোর পরামর্শ

বর্তমান সরকারের শেষ মুহূর্তে রাজধানীর বাইরে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) দিকে এবার নজর দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এখন থেকে রাউকের প্রকল্প ঋণ তথা উন্নয়ন ঋণ বাড়ানোসহ বেশি বেশি করে প্রকল্প তৈরি করার দিকে নজর দিতে হবে। সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরিষ্কার বক্তব্য উন্নয়নের জন্যই বর্তমানে রাউককে ঘষামাজা করতে হবে। গত সপ্তাহে জাতীয় সংসদ ভবনে এ কমিটির বৈঠকে এমন কথাই বলা হয়েছে। আর এসব কথা আমলে নিয়ে মন্ত্রণালয় থেকে চলতি সপ্তাহেই রাউককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চিঠি দেয়ার কথা রয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, কমিটির সদস্যরা রাউক-এর সুষ্ঠু ও বিচক্ষণ বাণিজ্যিক নীতি ও নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনার এক পর্যায়ে এসব সুপারিশ করেন। সূত্র আরও জানায়, কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে রাউকের বিষয়ে বিভিন্ন সুপারিশসহ পরামর্শ দেয়া হয়। এসবের মধ্যে প্রকল্প ঋণ তথা উন্নয়ন ঋণ যাতে রাউক বৃদ্ধি করে তা মন্ত্রণালয়কে নিশ্চিত করতে হবে। ঋণ বাড়ানোর পাশাপাশি বর্তমানের তুলনায় রাউককে আরও বেশি করে প্রকল্প তৈরি করতে হবে। অপরদিকে মন্ত্রণালয়ের প্রতি কমিটি সুপারিশ করেছে যে রাজধানীর নিকুঞ্জ এলাকায় বর্তমানে নির্মাণাধীন রেস্ট হাউজটির নামকরণ ‘রাজশাহী হাউজ’ করার জন্য যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। কমিটি রাজশাহী মহানগর ছাড়াও এ বিভাগে যাতে করে দ্রুত শিল্পায়নের পথে অগ্রসর হতে পারে সেদিকে গুরুত্বারোপ করেছে। এদিকে কমিটি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অডিট আপত্তির নিষ্পত্তি অর্ধেকে নামিয়ে আনার জন্য তিন মাসের সময় দিয়েছে। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ সুষ্ঠু ও বিচক্ষণ বাণিজ্যিক নীতি এবং নিয়মকানুন অনুযায়ী পরিচালিত হচ্ছে কিনা তা কমিটিকে অবহিত করার পরামর্শ দেয়া হয়েছে।