স্পিকারের কাছে এমপিদের জামিনের আবেদন অযৌক্তিক :সুরঞ্জিত
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:৩৮
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, স্পিকারের কাছে বিরোধী দলীয় চিফ হুইপ তাদের আটক সংসদ সদস্যদের জামিনের যে আবেদন করেছেন তা অযৌক্তিক। কারণ পার্লামেন্ট কাউকে গ্রেফতার করে না কিংবা জামিনও দেয় না। এটা সম্পূর্ণ স্বাধীন বিচার বিভাগের এখতিয়ার। বিএনপিকে প্রস্তাব নিয়ে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা সংখ্যাগরিষ্ঠতার জোর খাটাবো না। শুক্রবার শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ মিলনায়তনে ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিভাগ শাখা আয়োজিত ‘বিএনপিসহ ১৮ দলীয় জোটের জ্বালাও-পোড়াও, ধ্বংসাত্মক কার্যকলাপ, দেশদ্রোহী কর্মকাণ্ড— প্রেক্ষাপট সমকালীন রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস খান আলমগীরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ জয়, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।