সড়ক দুর্ঘটনায় নিহত ২

পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে মিরপুরের শাহআলী বেড়িবাঁধ ও গুলিস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পোশাককর্মী রানী বেগম ও পথচারী গোলাম মিয়া। রানী বেগমের স্বামী জানান, রাত ১টার দিকে শাহআলী থানার নবাববাগ বেড়িবাঁধ দিয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় বেড়িবাঁধের রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি ট্রাক রানীকে ধাক্কা দেয়। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিত্সক মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে রাত ৩টার দিকে গুলিস্তান ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড থেকে রাস্তা পার হওয়ার সময় একটি মিনিবাসের ধাক্কায় গুরুতর আহত হন গোলাম মিয়া। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন।