বর্জ্য ও মানব স্বাস্থ্য

ঢাকাসহ দেশের প্রায় সব জেলা এমনকি উপজেলা শহরেও রয়েছে এক বা একাধিক হাসপাতাল বা ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ইত্যাদি। এগুলো থেকে প্রতিদিন প্রচুর পরিমাণে হাসপাতাল বর্জ্য বা ক্লিনিক্যাল বর্জ্য বের হচ্ছে। কোনো প্রকার বাছ-বিছার বা সতর্কতা ব্যতীত এসব হাসপাতাল বর্জ্য ফেলে দেয়া হয় সিটি করপোরেশনের ডাস্টবিনে, আর সেখানে গৃহস্থালি ও হাসপাতাল বর্জ্য মিলেমিশে একাকার হয়ে যায়। লক্ষ্য করা যায় যে, অনেক সময় টোকাইরা এগুলো ঘেঁটে দরকারি জিনিস নিয়ে যায়। কাক, কুকুর বা বিভিন্ন প্রাণি এগুলোর মাধ্যমে বিভিন্ন প্রকার রোগজীবাণুর বিস্তার ঘটায়। বলা বাহুল্য যে, হাসপাতাল বর্জ্য গৃহস্থালি বর্জ্যের মতো কোনো সাধারণ বর্জ্য নয়। অতএব এ বর্জ্য অপসারণের পদ্ধতিও এমন হওয়া প্রয়োজন যেন এর মাধ্যমে রোগজীবাণু অন্য কোথাও সংক্রমিত হতে না পারে। কিন্তু চিকিত্সা বর্জ্য ব্যবস্থাপনার জন্য চিকিত্সা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়করণ) বিধিমালা রয়েছে। কিন্তু তা যথাযথভাবে অনুসৃত হচ্ছে না কিংবা উপেক্ষিত হচ্ছে। আমরা জানি ক্লিনিক্যাল বর্জ্য মানব দেহের জন্য খুবই ক্ষতিকর। হাসপাতালে ব্যবহূত ব্যান্ডেজ, সিরিঞ্জ, অপারেশন পরবর্তী মানব দেহের অংশবিশেষ রোগজীবাণু বহন করতেই পারে। এগুলো রাস্তার পাশে বা যে কোনো উন্মুক্ত স্থানে নিক্ষিপ্ত হলে তখন বাতাস বা পানির দ্বারা বাহিত হয়ে রোগজীবাণু অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। রাজধানীর বেশীর ভাগ হাসপাতাল, ক্লিনিক, নার্সিংহোম এবং ডেন্টাল ক্লিনিক হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার বাইরে থাকায় সেগুলো নগরবাসী, হাসপাতালের কর্মচারী এবং ডাস্টবিন থেকে ময়লা কুড়ানো টোকাই দলকে এক ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রাখে। এসব দিক বিবেচনায় হাসপাতাল ব্যবস্থাপক, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সচেতন ও যত্নবান হওয়া উচিত। চিকিত্সা বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে বিধিমালা প্রণীত হয়েছে উক্ত বিধিমালা চিকিত্সা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াকরণ) বিধিমালা ২০০৮ নামে পরিচিত। উক্ত বিধিমালার তফসিল ৩-এ চিকিত্সা বর্জ্যের ধরন অনুযায়ী শ্রেণিবিন্যাস করে কালার কোড এবং সংরক্ষণ পাত্রের বৈশিষ্ট্য নির্ধারণ করা আছে। একটি হাসপাতালে বিভিন্ন ধরনের বর্জ্য থাকে। যেমনঃ সাধারণ বর্জ্য, ক্ষতিকারক বর্জ্য ও ধারালো বর্জ্য, তরল বর্জ্য, তেজস্ক্রিয় বর্জ্য, পুনর্ব্যবহারযোগ্য বা পুনঃচক্রায়নযোগ্য (re-cycled) সাধারণ বর্জ্য ইত্যাদি। এসব বর্জ্য সংরক্ষণ ও পরিবহনের জন্য যথাক্রমে কালো, হলুদ, লাল, নীল, সিলভার ও সবুজ রংয়ের পাত্র ব্যবহারের নির্দেশনা আছে। অনুরূপভাবে বর্জ্যের ধরন অনুযায়ি পাত্র হিসেবে ছিদ্রবিহীন প¬াস্টিক বিন বা ছিদ্রবিহীন লিডবক্স ব্যবহারের নির্দেশনা আছে। আবার বিধিমালার তফসিল ১ এ বিভিন্ন বর্জ্যের শ্রেণিবিন্যাস অনুযায়ী পরিশোধন ও বিনষ্টকরণ পদ্ধতি স্পষ্টভাবে বর্ণনা করা আছে। এসব বিধিমালা বাস্তবায়নে সচেতনতা ও অঙ্গীকার খুবই জরুরি। একজন কলেরা রোগীর বর্জ্যের সংস্পর্শে এলে যেকোনো সুস্থ ব্যক্তিরও কলেরায় আক্রান্ত হওয়া স্বাভাবিক। খোলামেলাভাবে ফেলে রাখা বর্জ্য বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে কোনো পাড়া, মহল¬া বা একটি সমগ্র জনবসতিও সংক্রমিত হওয়া অস্বাভাবিক নয়। যক্ষা, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস এসব রোগের বর্জ্য সাধারণত এভাবেই ছাড়িয়ে থাকে বলে চিকিত্সকদের অভিমত। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান মতে সারাদেশে প্রায় দুই হাজার ক্লিনিক রয়েছে এবং এর এক-চতুর্থাংশই ঢাকা শহরে অবস্থিত। এছাড়া সারাদেশে প্রায় সাড়ে চার হাজার ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, যার প্রায় ৮০০ রাজধানীতে অবস্থিত। এক পরিসংখ্যান থেকে জানা যায় যে, একটি হাসপাতালের প্রতিটি শাখা থেকে প্রায় এক থেকে ১ দশমিক ৯ কিলোগ্রাম বর্জ্য তৈরি হয়। যার মধ্যে কেবল ১০ থেকে ১৫ শতাংশ হচ্ছে বিপজ্জনক। কিন্তুু হাসপাতালগুলো এই ১০ থেকে ১৫ শতাংশ বর্জ্যকে পৃথক না করায় পুরো বর্জ্যটিই বিপজ্জনক হয়ে ওঠে। আর এসব বর্জ্য নগরীর সাধারণ ডাস্টবিনে ফেলার কারণে ডাস্টবিনের সাধারণ বর্জ্যও বিষাক্ত হয়ে পড়ে। আমরা যদি মারাত্মক ধরনের সংক্রমণ থেকে বাঁচতে চাই তাহলে বর্জ্যগুলো সঠিকভাবে জীবাণুমুক্ত করতে হবে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে ধ্বংস করার ব্যবস্থা করতে হবে। কোনো রোগের জীবাণু কিভাবে মুক্ত করা যায় সে বিষয়টিকেও বিবেচনায় আনতে হবে। সাধারণত রোগীর স্যালাইন ও সূঁচ স্টেরিলাইজ না করে ফেলে দেয়া ঠিক নয়। হাসপাতালের ময়লা বা বর্জ্য সরাসরি চলে যাচ্ছে সিটি কর্পোরেশনের ডাস্টবিনে বা খোলা আকাশের নিচে, ফুটপাতে বা অন্যকোনো উন্মুক্ত স্থানে আর এসব স্থান থেকে জীবাণুর বিস্তার ও সংক্রমণ একটি স্বাভাবিক ব্যাপার। এসব ডাস্টবিন বা উম্মুক্ত স্থান থেকে প্লাস্টিক ব্যাগ, সেলাইনের ব্যাগ, ইঞ্জেকশনের সিরিঞ্জ টোকাইরা কুড়িয়ে নেয়। কোনো অসাধু দোকানদারের হাত ধরে সেগুলো কোনো নতুন রোগী বা ব্যবহারকারীর হাতে চলে যায়। এক রোগ সারাতে গিয়ে অন্য রোগের সৃষ্টি হয়। কিংবা বলা যায় কুইনাইন জ্বর সারাবে কিন্তু কুইনাইন সারাবে কে? হাসপাতাল বর্জ্য সঠিকভাবে নিষ্কাশন বা অপসারণ না করা প্রথমত যারা এই হাসপাতালে কাজ করে তাদের জন্যই বিপজ্জনক হয়ে ওঠে। দ্বিতীয়ত মহানগরীর যেখানে-সেখানে বর্জ্য নিক্ষিপ্ত হলে তা সমগ্র নগরীর জন্যই বিপজ্জনক। তৃতীয়ত যেসব টোকাই এসব সামগ্রী ডাস্টবিন থেকে কুড়াচ্ছে এটি তাদের স্বাস্থ্যের জন্যও বিপজ্জনক এবং ক্রমাগতভাবে এসব দ্রব্যের সংস্পর্শে এসে তারাও বিভিন্ন প্রকার জীবাণুর ঝুঁকিপূর্ণ বাহকে পরিণত হয়। আর কিছু অসাধু বিক্রেতা বা গ্রাম্য চিকিত্সকের হাত ধরে এসব সামগ্রী যেসব রোগীর চিকিত্সায় ব্যবহূত হচ্ছে এগুলো তাদের জন্যও আরো মারত্মক। মানব স্বাস্থ্যের জন্য বিপর্যয়কর এরকম অবস্থা থেকে পরিত্রাণ পেতে হাসপাতাল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। এ অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের প্রাথমিক ও আবশ্যিক কাজ হবে হাসপাতাল বর্জ্যের মধ্যে নিহিত ক্ষতিকর ১০-১৫% বর্জ্য পৃথক করে স্ট্যারিলাইজ করে মাটির নিচে পুঁতে ফেলা বা পুড়িয়ে ফেলা। আর এজন্য হাসপাতাল বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতনতা প্রয়োজন। প্রয়োজন হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের দায়িত্ববান করে তোলা। এগুলো সিটি করপোরেশনের মাধ্যমে আলাদাভাবে সংগ্রহ করা ও কেন্দ্রীয় ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে ট্রিটমেন্ট করা যেতে পারে। বিভিন্ন এনজিও তথা প্রাইভেট সেক্টরকে বর্জ্য ব্যবস্থাপনার কাজে জড়িত করা যেতে পারে। মনে রাখা প্রয়োজন, যত্রতত্র ময়লা ফেলে সারা দেশটাকে একটা বিশাল আঁস্তাকুড়ে পরিণত করা জনস্বাস্থ্যের জন্য কোনো এক মহামারীকে আমন্ত্রণ জানানোরই নামান্তর। এ ছাড়া বিষয়টি উন্নত রুচি কিংবা মানসিক মূল্যবোধেরও পরিপন্থি। আমাদের সামান্য সচেতন উদ্যোগ দেশটাকে আঁস্তাকুড় ও মহামারির অশুভ অগ্রাসন থেকে মুক্তি দিতে পারে।  লেখক : প্রাবন্ধিক