শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত
ন তু ন প্র জ ন্মে র ভা ব না
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:৪০
দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হলে সকল ক্ষমতা হস্তান্তরে শান্তির পথ খুঁজতে হবে
যে কোন উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শান্তি। শান্তি বিরাজ না করলে কোথাও কোন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় না। আমাদের দেশের বর্তমান যে হাল অবস্থা তাতে শান্তির লেশমাত্রও নেই। রাজনৈতিক কারণেই এ অবস্থা বিরাজ করছে। দেশের বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতায় থাকা আর ক্ষমতায় যাবার যে অবস্থার সৃষ্টি হয়েছে তাতে আমরা সাধারণ লোকজন খুব শঙ্কিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কথা বলছেন বেশ কিছুদিন ধরেই। কিন্তু তা কি সম্ভব? মোটেই না। কারণ প্রধান বিরোধী দল আন্দোলনের নামে যা করছে, তাতে শান্তি কোথাও নেই। সপ্তাহের কোন কোন দিন হরতাল থাকছে। হরতালের সময় বোমাবাজি, অগ্নিসংযোগসহ ত্রাস সৃষ্টির কোনটাই বাদ যাচ্ছে না। বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার নামে এই আন্দোলন করছে। আর সরকারি দল বলছে, সংবিধানে এ ধরনের কোন সুযোগ নাই। দেশের অর্থনীতির বারোটা বেজে যাচ্ছে। এই অবস্থায় আগামী নির্বাচন শান্তিপূর্ণভাবে হবার কোন সম্ভবনা নেই। আর শান্তিপূর্ণভাবে যদি ক্ষমতা হস্তান্তর না হয় তাহলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে না। অর্থনৈতিক উন্নয়ন না হলে জনগণের কোন কল্যাণও হবে না। তাই সরকার এবং বিরোধী দলের উচিত হবে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে সংসদ নির্বাচন করে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। দেশের অর্থনৈতিক উন্নয়ন করতে হলে সকল দলকেই নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তরে শান্তির পথ খুঁজতে হবে।
অরুণদ্যুতি পাল
মাস্টার্স (সমাজ বিজ্ঞান বিভাগ)
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
অর্থনৈতিক উন্নয়ন নির্ভর করে শান্তিপূর্ণ নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের উপর
আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশে সরকার এবং বিরোধী দলের মধ্যে যে দুঃখজনক অবস্থার সৃষ্টি হয়েছে, তা থেকে দ্রুত পরিত্রাণ না পেলে দেশের সার্বিক অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। এমনিতেই দেশের নানান ঘটনায় বিশেষ করে রানা প্লাজার ঘটনা, হলমার্ক কেলেংকারি, বিভিন্ন ব্যাংকের টাকা আত্মসাত্সহ নানান দুর্নীতির খবরে আমরা মুহ্যমান। অর্থনীতি এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রায় নিত্য হরতালের কারণেও দেশের অর্থনীতির উপর চাপ পড়ছে। ছোটবড় সকল ব্যবসায়ী এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখছেন। কিন্তু সরকারি দল আর বিরোধী দলের এতে কোন মাথা ব্যথা নেই। কয়েক মাস পরেই দেশে সংসদ নির্বাচন হবার কথা। কিন্তু দুটি জোটের মধ্যে যে ধরনের রাজনীতি এবং টানাপোড়ন চলছে, তাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে কিনা এ নিয়ে বিভিন্ন মহল থেকে সংশয় প্রকাশ করা হচ্ছে। সুশীল সমাজ প্রতিদিন টিভি টকশোতে গলা ফাটাচ্ছেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কিন্তু দেশে একটি সুষ্ঠু নির্বাচন না হলে ক্ষমতা হস্তান্তর ও শান্তিপূর্ণভাবে হবে বলে মনে হয় না। এই সময় কোন অঘটন ঘটলে অর্থনৈতিক অবস্থা আরো নাজুক পর্যায়ে চলে যাবে। আমরা অর্থনৈতিক উন্নয়নের কথা যতই বলি না কেন, তা নির্ভর করবে দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর। আর তা না হলে কোন কিছুই হবে না।
কামরুল ইসলাম
২য় বর্ষ অনার্স
রাষ্ট্র বিজ্ঞান বিভাগ
নেত্রকোনা সরকারি কলেজ
অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক অস্থিরতা হুমকিস্বরূপ
রাজনৈতিক অস্থিরতা বা সংঘাতময় রাজনীতি কোন দেশের জন্য মঙ্গলজনক নয়। অর্থনীতি একটি দেশকে দারিদ্র্যের কশাঘাত থেকে মুক্ত করে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। কিন্তু যখন কোন দেশের অর্থনীতি রাজনৈতিক কারণে অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়ে তখন ঐ দেশকে পার্শ্ববর্তী দেশ সাহায্য না করে কুক্ষিগত করতে চায়, কেননা তারা জানতে পারে যে, ঐ দেশটি অর্থনৈতিকভাবে সচ্ছল নয়। ঠিক তেমনি দেশে রাজনৈতিক অস্থিরতা বিরাজমান থাকলে দেশ তার স্বার্বভৌমত্ব হারাতে পারে। সুতরাং উন্নয়নশীল বাংলাদেশে আমাদের উচিত রাজনৈতিক সংকট মোকাবিলায় আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করা আর তা না হলে আমাদের দেশ ও দেশের অর্থনীতি হুমকির মুখে পড়ে যেতে পারে। আমরা চাই বাংলাদেশের অর্থনীতি যেন কারো হাতের মোয়া না হয়। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে যে, রাজনৈতিক পালাবদলের কবলে যেন দেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের চাকা স্থবির না হয়ে য়ায়। অন্তত দেশের দ্রুত অগ্রসরমান গার্মেন্টস শিল্প ও বৈদেশিক মুদ্রা তথা রেমিটেন্সের কথা বিবেচনা করে হলেও রাজনৈতিক সহিংসতা এড়িয়ে সুষ্ঠু, সুন্দর ও সর্বত্র গ্রহণযোগ্য উপায়ে ক্ষমতা হস্তান্তর হোক এটাই রাজনীতিবিদদের কাছে আমার প্রত্যশা।
মো. ইয়াছিন উদ্দিন
অনার্স ৩য় বর্ষ, ভূগোল ও পরিবেশ বিভাগ,
সরকারী শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, ঢাকা
দেশের অর্থনীতিকে সঠিক পথে পরিচালনা করতে হলে চাই শান্তিপূর্ণ নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর
নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে যে, শান্তিপূর্ণভাবে যদি ক্ষমতা হস্তান্তর করা যায়, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। এ না হলে অর্থনৈতিক উন্নয়ন যেমন হবে না, তেমনি দেশকে সমৃদ্ধির পথেও এগিয়ে নেয়া যাবে না। অর্থনৈতিক উন্নয়ন না হলে দেশের জনগণের কোন কল্যাণ হবে না। আর কেবলমাত্র অর্থনৈতিক উন্নয়ন কেন, সব রকমের উন্নয়নের জন্য শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর প্রয়োজন। বর্তমানে দেশের যে অবস্থা তা বলা বাহুল্য। এখন তবু একটু ভালো। ক’দিন আগেতো ঘর থেকেই বের হওয়া যায়নি। হরতাল মারামারি খুনাখুনি লেগেই ছিল। হরতালের নামে নৈরাজ্যের সৃষ্টি করা হয়েছিল। এখানো হরতাল হচ্ছে। আর এসব হচ্ছে ক্ষমতার লড়াই। সামনে যেহেতু নির্বাচন, তাই আমাদের হানাহানির পথ পরিহার করে দেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে হবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ক্ষমতায় যাওয়া আর ক্ষমতায় থাকার লড়াই বন্ধ করার জন্য সকল মহলকে এক সাথে কাজ করতে হবে। মনে রাখতে হবে, হানাহানির পথ ভালো নয়। হানাহানিতে নতুন করে ১/১১ হতে পারে। নেতৃবৃন্দ এদিকটা যত ভাববেন ততই তাদের লাভ। দেশ ও জনগণের কল্যাণের জন্য যদি রাজনীতি হয়, তাহলে কে ক্ষমতায় থাকলো আর কে ক্ষমতায় গেলো তার চিন্তাভাবনা দূরে রেখে দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন করতে হবে এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করতে হবে।
ফারহানা ইয়াসমিন আঁখি
অনার্স প্রথম বষর্ (বাংলা)
গৌরীপুর কলেজ, ময়মনসিংহ