উপকূলবাসীর দুর্ভোগ
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:৪৯
কিছুদিন পূর্বের ঘূর্ণিঝড়ের আঘাতের ক্ষত এখনও কাটাইয়া উঠিতে পারে নাই আমাদের উপকূলের অধিবাসীরা। ইহার ভেতরেই গত ছয় দিন ধরিয়া মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো ঝরিতেছে লঘুচাপের নিরন্তর বৃষ্টি। তাহার সহিত পূর্ণিমা-পরবর্তী জোয়ারে নদী ও সাগর উপত্যকা রুদ্রমূর্তি ধারণ করিয়াছে। নদী গ্রাস করিয়াছে গ্রামের পর গ্রাম। টানা বর্ষণে প্লাবিত হইয়াছে বৃহত্ উপকূলীয় এলাকা, আশ্রয়হীন হইয়া পড়িয়াছে লক্ষ লক্ষ মানুষ। অর্থাত্ সব মিলিয়া উপকূলের জনজীবন বিধ্বস্ত হইয়াছে ভয়ানকভাবে।
সাহসী উপকূলবাসীর নিকট এই ঝড়ঝঞ্ঝা অতিভারি অবিরাম বারিপাত নূতন কিছু নহে। প্রকৃতির রুদ্ররুষ্ট অভিঘাত মোকবিলা করিয়াই তাহাদের নিত্য বসবাস। তাহাতে তাহাদের প্রাণসংশয়ও হয় যখন তখন। প্রকৃতির অমিয় শক্তির কাছে আমরা অনেকাংশে অসহায়, ঠিক কথা, কিন্তু তাহার অভিঘাত মোকাবিলা করিবার যেই সকল প্রযুক্তি বিশ্বে বিদ্যমান, তাহা আমাদের সম্পূর্ণ অধরা নহে। দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারও আন্তরিক। তাহার পরও আমাদের দুর্যোগ-পরবর্তী অব্যবস্থাপনা কেন প্রকট হইয়া উঠে বার বার?
উপকূলের অস্বাভাবিক জোয়ারে ও বৃষ্টির ফলে উপকূলবর্তী নদীভাঙ্গনের তীব্রতা বাড়িয়াছে। অসংখ্য এলাকায় ফসলি জমি, বৈদ্যুতিক খুঁটি, রাস্তা, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ নদীগর্ভে বিলীন হইয়াছে। তাহাছাড়া শুধু এইবারের মহাসেনেই উপকূলবর্তী এলাকায় অসংখ্য বেড়িবাঁধ পুরোপুরি ভাঙ্গিয়া গিয়াছে। আংশিক ক্ষতিগ্রস্ত হইয়া চরম ঝুঁকির ভিতরে রহিয়াছে কয়েক হাজার কিলোমিটার এলাকার অসংখ্য বেড়িবাঁধ। ইহার পাশাপাশে অভিযোগ রহিয়াছে, নানা স্থানে সরকারি দলের নেতারা তাহাদের ইচ্ছামাফিক বাঁধ নির্মাণ করিয়া থাকেন। অনেক ক্ষেত্রেই মানা হয় না যথাযথ ডিজাইন, স্পেসিফিকেশন। সংস্কারের অভাবেও অসংখ্য বাঁধ রহিয়াছে চরম ঝুঁকির মধ্যে।
ঝড়-জলোচ্ছ্বাস হইতে উপকূলীয় অঞ্চলের মানুষ ও পরিবেশ রক্ষার্থে ‘ইমার্জেন্সি ২০০৭ সাইক্লোন রিকভারি অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট’ (ইসিআরআরপি)-এ বিশ্বব্যাংকের ঋণে ৬৫ কোটি টাকার একটি তহবিল গঠন করিয়াছে সরকার। এই তহবিলের অর্থ দিয়া উপকূলীয় অঞ্চলে আশ্রয়কেন্দ্র নির্মাণ, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতিকরণ, পানি ও পয়ঃনিষ্কাশন সুবিধা দেওয়ার বিশদ পরিকল্পনা রহিয়াছে। অথচ গুরুতর অভিযোগ রহিয়াছে, এই তহবিলের অর্থ দিয়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কতিপয় কর্মকর্তা ঝড় ও দুর্যোগ ব্যবস্থাপনা দেখিতে অস্ট্রেলিয়া, স্পেন, নেপালসহ বিভিন্ন দেশে ভ্রমণ করিয়াছেন। অর্থাত্ অভিজ্ঞতা অর্জনের নাম করিয়া যে সকল দেশে সরকারি কর্মকর্তারা যাইতেছেন, সেই সকল দেশের সঙ্গে ঝড়-জলোচ্ছ্বাসের কোনো সম্পর্ক নাই। ইহা সরকারি অর্থের নিদারুণ অপচয়ই নয় শুধু, আমাদের অসততা ও কাজ না করিবার মানসিকতাকে আরো উস্কাইয়া দেয়। সীমিত অর্থ ও প্রযুক্তির ভেতরেও তুলনামূলক ভালো ব্যবস্থাপনায় ঝড়-জলোচ্ছ্বাস মোকাবিলায় পৃথিবীতে অনন্য নজির স্থাপন করিয়াছে বাংলাদেশ। এমনকি সমপ্রতি বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মোকাবিলার জন্য জাতিসংঘ হইতে বিশেষ পুরস্কারও অর্জন করিয়াছে।
সুতরাং যে কোনো অব্যবস্থাপনা ও অনিয়মের মূলোত্পাটন করিতে হইবে কঠোর হস্তে। যাহারা শক্ত হাতে এই কাজ করিবেন, তাহারা অর্থাত্ প্রশাসনের ভেতরে বিদ্যমান সর্ষে হইতে ভূত তাড়াইতে হইবে সর্বপ্রথম। ইহা ব্যতিরেকে অনিয়ম ও অব্যবস্থাপনার ভূত আমাদের পেছনের দিকেই লইতে থাকিবে। তাহার সহিত উপকূলবাসীর নয়নেও ছিদ্র থাকিবে উপকূলবর্তী আকাশের ন্যায়, যেথা হইতে পানি ঝরা থামিবে না সহজে।