বেসরকারি ব্যাংক কর্মচারীদের ট্রেড ইউনিয়ন
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২১:৫০
দেশের বেসরকারি ব্যাংকসমূহের সাব স্টাফ বা কর্মচারীদের ট্রেড ইউনিয়ন না থাকায় তাদের অধিকার নানাভাবে খর্ব হচ্ছে। আর্থিক বঞ্চনার পাশাপাশি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। অধিকাংশ ব্যাংকের নির্বাহী কর্মকর্তারা উপেক্ষা-বঞ্চনা করে মালিকদের কাছ থেকে তাঁদের নিজেদের সুযোগ-সুবিধা বাড়িয়ে নেন। সম্প্রতি দেশের বেসরকারি গার্মেন্টস সেক্টরে শ্রমিক-কর্মচারী নির্যাতন ও হত্যাকাণ্ডের ফলে সরকার ট্রেড ইউনিয়ন বাধ্যতামূলক করেছে। অথচ দেশের বেসরকারি খাতে ব্যাংকসমূহের নিম্নপদস্থ কর্মচারীদের ক্ষেত্রে ট্রেড ইউনিয়নের বাধ্যবাধকতা না থাকায় কর্মচারীরা কোনো ধরনের সংগঠন করতে পারছে না। দেশের প্রায় সরকারি বেসরকারি সব পেশার কর্মচারীদের সংগঠন বা ট্রেড ইউনিয়ন রয়েছে। এমনকি সরকারি ব্যাংকসমূহেও ট্রেড ইউনিয়ন রয়েছে। অথচ বেসরকারি ব্যাংকে ট্রেড ইউনিয়ন নেই। এক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ফলে বেসরকারি ব্যাংকগুলোর কর্মচারীরা নির্বাহী কর্মকর্তা ও মালিক পক্ষের নির্যাতন, নিপীড়ন, হুমকি ও বিভিন্ন বঞ্চনা নীরবে সহ্য করে থাকেন। কর্মচারীরা কোনো দাবি বা বঞ্চনার প্রতিবাদ করলেই শান্তিমূলক ব্যবস্থা বা চাকরি হারাতে হয়। অধিকাংশ ব্যাংকে নির্বাহী ও কর্মকর্তারা বাধ্যতামূলক ছুটি ও একমাসের মূল বেতন অগ্রীম পেলেও কর্মচারীদের কিছুই দেওয়া হয় না। বেতন বৃদ্ধির প্রস্তাবের সময় কর্মচারীদের নামকাওয়াস্তে বাড়ানো হয়। আর কর্মকর্তাদের কয়েকগুণ বাড়ানো হয়। বেশ কয়েকটি ব্যাংক নামে ইসলামি ব্যবস্থা চালু করলেও কর্মচারীদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে ইসলামি রীতিনীতি না মেনে চরম বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। ব্যাংক কর্মকর্তাদের জন্য বিভিন্ন আর্থিক লোনের ব্যবস্থা থাকলেও কর্মচারীদের কোনো ধরনের লোনের সুযোগ দেওয়া হয় না। কনজ্যুমার লোনও অনেক ব্যাংক কর্মকর্তাদের দিলেও কর্মচারীদের জন্য বন্ধ করে রেখেছে। বাড়ি করার জন্য কর্মচারীদের কম সুদে ঋণ দেওয়া হয় না। অথচ সরকারি ব্যাংকের একজন পিয়নও কম সুদে লোন পান। অধিকাংশ ব্যাংকে অনেক অনিয়মিত বা অস্থায়ী কর্মচারী রয়েছেন। দীর্ঘ ৫-১০ বছর ধরে চাকরি করার পরও তাদের স্থায়ী করার জন্য মালিক বা নির্বাহী কর্মকর্তাদের কোনো নজরদারি বা উদ্যোগ নেই। পয়ন-টিবয়-ক্লিনার-ড্রাইভারদের দুঃখ বা দাবি শোনার যেন কেউ নেই। অনেক কর্মচারীর শিক্ষাগত যোগ্যতা ও দীর্ঘদিন চাকরির অভিজ্ঞতা থাকলেও তাদের পদোন্নতির কোনো ব্যবস্থা বা উদ্যোগ নেই। ৮-১০ বছর ধরে পিয়নরা একই গ্রেডে বা পদে চাকরি করছে। অভিজ্ঞতার কোনো মূল্যায়ন নেই। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং শ্রম-কল্যাণ মন্ত্রণালয়ের কার্যকরী উদ্যোগ গ্রহণ করুরি।
বগুড়া