দেশ যাচ্ছে রসাতলে

হরতাল কি সরকারের বিরুদ্ধে? নাকি সর্বসাধারণের বিরুদ্ধে? আমার তো মনে হয় দেশের উন্নয়নের বিরুদ্ধেই হরতাল! দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে সরকারের ব্যর্থতাকে ফুটিয়ে তোলার একটা মোক্ষম হাতিয়ার হচ্ছে হরতাল। দেশের উন্নয়নে সরকার ব্যর্থ বলে জনগণকে কাছে টানার একটা অপকৌশলও বটে এই হরতাল। এটা যদি না হয় তবে বৃহস্পতিবার বা রবিবারকে কেন হরতালের দিন হিসেবে বেছে নেওয়া হয়? সরকারের সঙ্গে বৃহস্পতিবার বা রবিবারের কী সম্পর্ক? অন্য দিনের তুলনায় রবি বা বৃহস্পতি বার কেন অনেক বেশি হরতাল আহ্বান করা হয়? আমাদের দেশে শুক্র ও শনি বার সরকারি ছুটি। এ সময় সরকারি অফিস-আদালতসহ অনেক বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকে। দ’ুদিন বন্ধ থাকবে বলে কর্মকর্তা-কর্মজীবীগণ সপ্তাহ শেষে বৃহস্পতিবার এবং দুদিন বন্ধ থাকায় জমে থাকা কাজের কারণে রবিবারকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে এ দুটি দিন ব্যবসায়ীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহির্বিশ্বের অনেক দেশে রবিবার বন্ধ থাকায় আমাদের দেশে বৃহস্পতিবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমদানি-রপ্তানি নির্ভর ব্যবসায়ীদের কাছে । রবি বা বৃহস্পতি বার হরতাল থাকায় টানা তিনদিন কর্মবিরতি দেশের অর্থনীতির ওপর কী প্রভাব ফেলে তা অর্থনীতিবিদরা ভালো বলতে পারবেন। দিন-ক্ষণের পাশাপাশি হরতালের বিচিত্র কারণ ও ধরন দেখেও বিস্মিত না হয়ে পারা যায় না! নিত্যপণের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল! আরে হরতাল দিলে কি নিত্যপণ্যের বর্ধিত দাম কমে? বাস্তবে তো দেখা যায় হরতালের অজুহাতে দাম আরো বাড়ে। তাহলে কেন হরতাল? নেতা-কর্মীদের মুক্তির দাবিতেও হরতালের ডাক! হরতাল দিয়ে নেতা-কর্মীকে মুক্ত করা মানে সরকারকে চাপে ফেলে জোর করে ছিনিয়ে আনা। নেতা-কর্মী নিরপরাধ হলে আইনের আশ্রয় নেওয়া যেতে পারে। মিথ্যা মামলা দেওয়ার জন্য সরকারের বিরুদ্ধে মানহানিসহ উলটো মামলা দায়ের করা যেতে পারে। কিন্তু হরতাল কেন? হরতালে গাড়ি ভাংচুর করলে সরকারের কী এসে যায়? পাবলিকের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য করলেই বা সরকারের কী এসে যায়? শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে নির্ধারিত সময়ে সিলেবাস পরীক্ষা শেষ করতে না পারার কারণে সেশনজট তৈরি হলেই বা সরকারের ক্ষতি কী? সরকারের জাস্ট ইমেজ নষ্ট হয়। হরতালে সরকারের ইমেজ নষ্ট হয় ঠিক তবে সরাসরি নয় অন্যভাবে। প্রত্যক্ষভাবে হরতালে সরকারের কিছুই যায় আসে না। হরতালে দেশের ক্ষতি হওয়ার কারণেই সরকারের ইমেজ নষ্ট হয়। তাহলে হরতালে সরকারের নয় দেশের ক্ষতি করাই মূল উদ্দেশ্য! হরতালের কারণে পরিবহন সুবিধা না থাকায় মাঠের সবজি মাঠেই পাকে ও পচে। হরতাল বলে তো আর গাভীর দুধ দোহানো বন্ধ রাখা যায় না। প্রত্যন্ত অঞ্চল থেকে এসব দুধ আসবে কী করে যদি গাড়ির চাকা না ঘোরে? গাড়ির চাকা ঘুরবে না মানে মিল-কল-কারখানায় কাঁচামাল আসবে না, উত্পাদন হবে না; আগে উত্পাদিত পণ্য বাজারজাত হবে না, বিক্রেতা আসবে না, ক্রেতা পণ্য পাবে না, আমদানি-রপ্তানি বা পণ্য খালাস সবই বন্ধ, স্বল্প মেয়াদের পণ্যগুলোর গুণাগুণ নষ্ট হয়ে যাবে বা পচে যাবে আর কর্মজীবীদের একদিনের কাজ জমে থাকায় পরবর্তী দিন দ্বিগুণ কাজ হওয়ায় মানসিক চাপ বেড়ে যাবে। একদিনের এমনকি এক বেলার হরতালে দেশের কোটি কোটি টাকার ক্ষতি হবে। টানা হরতালের কারণে উত্পাদন বন্ধ থাকায় বেতনভাতা দেরিতে হওয়ায় বা না হওয়ায় মালিক-শ্রকিদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে অনেক মিল কল-কারখানা বন্ধ হয়ে যাওয়ার পথে। দেশে বিদেশি বিনিয়োগেও হরতালের প্রভাব লক্ষণীয়। হাজিরার ভিত্তিতে যাদের উপার্জন—হরতালের কারণে একদিন কর্মক্ষেত্র বন্ধ থাকলে তাদের উপোস থাকার উপক্রম হয়। হরতালে এভাবে মানুষ ও দেশের ক্ষতি হলেও হরতাল বন্ধ হচ্ছে না। কে বন্ধ করবে হরতাল? আজ যারা ক্ষমতাসীন তারা কেন উদ্যোগ নেন না হরতাল বন্ধ করতে? আজকের ক্ষমতাসীন আওয়ামীলীগ গতবার ক্ষমতায় থাকার সময় বলেছিল বাংলাদেশ আওয়ামীলীগ বিরোধী দলে গেলেও কখনো হরতাল দেবে না। কিন্তু তারা কথা রাখে নাই। পরবর্তী সময়ে তারা বিরোধী দলে গিয়ে ১৭৩ দিন হরতাল দিয়েছিল। এখন তারা আবার ক্ষমতায় কিন্তু কোনো উদ্যোগ নিচ্ছে না হরতাল বন্ধ করায়। হরতালের কারণে মানুষ ও দেশের দুর্ভোগের কথা বলে বেড়াচ্ছে অথচ বন্ধ করতে কোনো উদ্যোগ নেই! হরতাল দেওয়ার জন্য একতরফাভাবে হরতাল আহ্বানকারীদের দায়ী না করে কেন হরতাল হয় তা বিবেচনা করে দেখা দরকার। হরতালে দেশ ও মানুষের যে অপূরণীয় ক্ষতি হয় তা যদি একবার বিবেচনা করা হতো তবে দেশ ও মানুষের প্রতি ভালোবাসার তাগিদে হরতালকারীরা হরতাল দিতেন না আর হরতাল প্রতিরোধকারীরা হরতাল দেওয়ার আগেই প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতেন। কিন্তু দেশ ও মানুষকে বাঁচানোর কথা বলে এক পক্ষ হরতাল দিয়ে জ্বালাও-পোড়াও করে দেশ ও মানুষের ক্ষতি করে। আবার সেই দেশ ও মানুষকে বাঁচানোর কথা বলেই আর এক পক্ষ হরতাল প্রতিরোধ করতে হামলা-মামলা করে। অথচ হরতাল বন্ধের ব্যবস্থা না নিয়ে দেশ ও মানুষেরই ক্ষতি করে। শাঁখের করাতে পড়ে দেশ ও দেশের মানুষের প্রাণ যায় যায় অবস্থা। তবুও হরতাল বন্ধে কোনো উদ্যোগ নেই। হরতালে হরতালে দেশ যাচ্ছে রসাতলে— তারপরেও হরতাল চলছে! তাহলে হরতালের মাধ্যমে দেশের ক্ষতি করে, দেশকে পিছিয়ে দিয়ে সেই দায়ভার ক্ষমতাসীনদের ওপর চাপিয়ে দেওয়ার রাজনীতি কি বন্ধ হবে না কোনোদিন? নারায়ণগঞ্জ