মেয়র প্রার্থী বুলবুলকে ইসির কারণ দর্শানোর নোটিস
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২২:১০
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আচরণবিধি লংঘনের অভিযোগের প্রেক্ষিতে সম্মিলিত নাগরিক ফোরাম মনোনীত ও ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল শুক্রবার বিকালে রিটার্নিং অফিসার ও রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী মনিটরিং কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক সন্ধ্যায় এ বিষয়ে মেয়র প্রার্থী বুলবুলকে চিঠি পাঠানো হয়েছে। চিঠি প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে তাকে ব্যাখ্যা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। রাসিক নির্বাচনের রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার কারণ দর্শানোর নোটিশ প্রদানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, প্রার্থীর ব্যাখ্যা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে সংশ্লিষ্ট প্রার্থী ও তার নির্বাচনী কার্যালয়ে যোগাযোগ করেও এ সংক্রান্ত চিঠি প্রাপ্তির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
গত মঙ্গল ও বুধবার ১৮ দলীয় জোটের পৃথক সংবাদ সম্মেলনে হেফাজতের ইসলামের রাজশাহী মহানগর শাখার সেক্রেটারী হাফেজ মাওলানা হাফেজ আব্দুস সামাদ মোনাজাতের সময় প্রকাশ্যে মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটনের ধবংস ও পরাজয় কামনা করে মেয়র প্রার্থী ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলের পক্ষে কাজ করার ঘোষণা দেন। উভয় সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক ফোরামের মেয়রপ্রার্থী বিএনপি নেতা মোসাদ্দেক বুলবুল উপস্থিত ছিলেন। এ ঘটনা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লংঘন- লিখিতভাবে এ অভিযোগ বুধবার বিকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দাখিল করেন মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের প্রধান নির্বাচনী এজেন্ট ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নওশের আলী।
মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের গণসংযোগ
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত ও মহাজোট সমর্থিত মেয়র পদপ্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘যারা কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে প্রতিপক্ষের ধ্বংস কামনা করছেন, তাদের দ্বারা জনগণের কল্যাণ হতে পারে না। একজন মুসলমান অপর মুসলমানকে ‘লা’নত’ দিতে পারেন না। এটি ইসলাম বিরোধী। বিএনপির মেয়র প্রার্থী হেফাজত নেতা সামাদকে দিয়ে যে ধরনের উস্কানি দিচ্ছেন ও ইসলাম বিরোধী কাজ করছেন তাতে ভবিষ্যতে রাজশাহী মহনগরীতে ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তিনি এর বিচারের ভার ভোটারদের বিবেচনার ওপর ছেড়ে দেন। গতকাল শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে নগরীর তালাইমারি বাজার, কাজলা বউ বাজার, কেডি ক্লাব ও ধরমপুর আমজাদের মোড় এলাকায় গণসংযোগ কালে ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন লিটন। এরপর তিনি ধরমপুর জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন এবং নামাজ শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদেরকে তালা প্রতীকে ভোট প্রদানের জন্য অনুরোধ করেন। এসময় মেয়র প্রার্থী লিটন আরো বলেন, ‘আমি কাজে বিশ্বাসী। যা বলেছি তা নিষ্ঠার সাথে করার উদ্যোগ নিয়েছি। যা আমার দ্বারা সম্ভব ছিল না- তেমন প্রতিশ্রুতি দেইনি। তিনি বলেন, কাঙ্ক্ষিত রাজশাহী গড়ার কাজটি এখনো শেষ হয়নি। আমি আশা করি মহানগরবাসী আমাকে আরেকটিবার তাদের সেবা করার সুযোগ করে দিবেন।
মেয়র প্রার্থী মোসোদ্দেক হোসেন বুলবুলের গণসংযোগ
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে সম্মিলিত নাগরিক ফোরাম মনোনীত ও ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মোসোদ্দেক হোসেন বুলবুল বলেছেন, রাজশাহী মহানগরবাসীর করের বোঝা যাতে ভারি না হয়, সেজন্য আগামী ৫ বছর কোন কর বা ট্যাক্স বৃদ্ধি করবো না এবং মহানগরবাসীর ঘরে-ঘরে গ্যাস সংযোগের ব্যবস্থা করবো। গতকাল শুক্রবার সকালে বৃষ্টির মধ্যে নগরীর ২২ ও ২৩ নং ওয়ার্ডের কুমারপাড়া, স্টিমারঘাট, ঘোষপাড়া, উত্সব হল এলাকা, পাঁচানীরমাঠ, মহলদারপাড়া, শহররক্ষা বাঁধ এলাকা, টিকাপাড়া, সাগরপাড়া, ফুদকীপাড়া এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। পরে আলুপট্টির মোড়ে পথসভার মাধ্যমে গণসংযোগ শেষ করেন এবং বিকালে নগরীর ২৪ ও ২৫ নং ওয়ার্ডের রামচন্দ্রপুর, বাশাররোড়, সাধুরমোড়, মোন্নাফের মোড় হয়ে বাদুরতলা মাদরাসায় গণসংযোগ করেন। দুপুরে রামচন্দ্রপুর তরুণ সংঘ স্কুলের সামনের মাঠে এলাকাবাসীর সঙ্গে এবং সন্ধ্যায় তালাইমারী মোড়ে পথসভা করেন বুলবুল।
প্রচারণায় পিছিয়ে নেই লিটন-বুলবুলের স্ত্রীরাও
রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনের আর মাত্র ১৪ দিন বাকি। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বসে নেই দুই জোটের সমর্থিত হেভিওয়েট মেয়র প্রার্থীর সহধর্মিণীরাও। বৃষ্টির মধ্যেই নিজ নিজ স্বামীর পক্ষে গণসংযোগ করছেন তারা। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও ব্যস্ত সময় কাটিয়েছেন তারা।
জানা গেছে, নাগরিক কমিটি মনোনীত ও মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহীন আক্তার রেনি গতকাল শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত নগরীর ১১ ও ১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় স্বামীর পক্ষে গণসংযোগ করেন। সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত তিনি ১১ নম্বর ওয়ার্ডের কাদিরগঞ্জ, কারিগরপাড়া, মালোপাড়া (পশ্চিম), রাজারহাতা, হেতেমখাঁ পানবর, হেতেমখাঁ শাহাজীপাড়া, হেতেমখাঁ মেথরপাড়া, হেতেমখাঁ সবজিপাড়ায় গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বামী এএইচএম খায়রুজ্জামান লিটনের উন্নয়ন কর্মকাণ্ডের ছবি ও তালা মার্কার ছবি সম্বলিত লিফলেট বিতরণ করে তিনি আধুনিক রাজশাহী মহানগরী গড়তে তাকে আরেকবার মেয়র নির্বাচিত করার আহবান জানান। বিকালে তিনি নগরীর ১ নম্বর ওয়ার্ডের আদুবুড়ি, কাশিয়াডাঙ্গা, গুড়িপাড়া, রায়পাড়া, শাহজীপাড়া, সায়েরগাছা, হরগ্রাম, হাড়ুপুর এলাকায় গণসংযোগ করেন।
অন্যদিকে সম্মিলিত নাগরিক ফোরাম মনোনীত ও ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের স্ত্রী রেবেকা সুলতানা সিমি গতকাল সকাল থেকে রাত পর্যন্ত নগরীর ১১, ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি নগরীর ১১ নম্বর ওয়ার্ডের কাদিরগঞ্জ, কারিগরপাড়া, মালোপাড়া (পশ্চিম), রাজারহাতা, হেতেমখাঁ পানবর, হেতেমখাঁ শাহাজীপাড়া, হেতেমখাঁ মেথরপাড়া, হেতেমখাঁ সবজিপাড়ায় গণসংযোগ করেন। এসময় তার সঙ্গে জাতীয়তাবাদী মহিলা দল ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বামী মোসাদ্দেক হোসেন বুলবুলের নির্বাচনী ইশতেহার ও আনারস মার্কার ছবি সম্বলিত লিফলেট বিতরণ করে তিনি পরিবর্তনের পক্ষে সামিল হওয়ার জন্য ভোটারদের প্রতি আহবান জানান। বিকালে তিনি ২৩ ও ২৪ নম্বর ওয়ার্ডের রামচন্দ্রপুর (পশ্চিম অংশ), সেকেরচক, বাজে কাজলা ও রামচন্দ্রপুর পূর্ব (আহমদনগরসহ) পাড়ায় গণসংযোগ করেন।