‘নিষিদ্ধ’ পলিথিন মোড়ানো পোস্টার ঝুলছে বরিশাল শহর জুড়ে
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২২:১১
প্রবল বৃষ্টির কারণে পোস্টার সাঁটানো নিয়ে চরম বিপাকে পড়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। প্রতীক বরাদ্দের পর দু’-একদফা পোস্টার ঝুলানো হলেও প্রবল বৃষ্টিতে সেগুলো অনেক আগেই নষ্ট হয়ে গেছে। তাই এখন বিকল্পভাবে পোস্টার ঝোলানো হচ্ছে। ‘নিষিদ্ধ’ পলিথিনের মধ্যে পোস্টার ঢুকিয়ে সেগুলো ঝোলানো হচ্ছে। গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে সর্বত্রই পলিথিন মুড়িয়ে পোস্টার ঝুলিয়েছেন মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরা।
পূর্বের নির্বাচনগুলোতে বিভিন্ন বাসাবাড়ির দেয়াল থেকে শুরু করে বাউন্ডারী ওয়ালে চিকা মেরে বিভিন্ন প্রার্থীর নাম লিখে স্থান দখল করা হতো। এমনকি নির্বাচন শুরুর সাথে সাথে প্রার্থীদের রঙ্গীন পোস্টার নগরীর বাসাবাড়ির দেয়ালগুলোতে সাঁটানো থাকত। এতে করে নির্বাচনের পরপরই বাড়ির মালিকদের নতুন করে লোক লাগিয়ে প্রচুর টাকা খরচ করে দেয়াল পরিষ্কার করতে হতো। অনেকে দেয়ালের গায়ে যাতে কেউ পোস্টার না লাগায় সে জন্য ‘পোস্টার লাগানো থেকে বিরত থাকার অনুরোধ’ সম্বলিত সাইনবোর্ড ঝুলিয়ে দিত। কিন্তু কে শোনে কার কথা। প্রার্থীদের অতি উত্সাহী কর্মী-সমর্থকরা ঐ সাইনবোর্ডের উপরেও পর্যন্ত পোস্টার লাগাতো। শুধু পোস্টার নয়, দেয়ালগুলোতে প্রার্থীদের নাম ও মার্কা সম্বলিত লেখাও শোভা পেত। কিন্তু এবার নির্বাচনে হয়েছে এর উল্টো।
এবারের নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সাদাকালো পোস্টার ও সাদাকালো লিফলেট ছাপানোর নির্দেশ দেয়া হয়। প্রার্থীদের পোস্টার-লিফলেট দড়িতে লাগিয়ে পথচারী ও গাড়ি চলাচলে যাতে কোনরূপ বাধার সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য করে টানানোর নির্দেশ দেয়া হয়। ঐ নির্দেশ মোতাবেক প্রার্থীদের কর্মী-সমর্থকরা চাটাইতে পোস্টার লাগিয়ে তা পলিথিনে মুড়ে সড়কের উপরে দড়ি টানিয়ে ঝুলিয়ে দিয়েছে। এ জন্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। সারাদিন প্রচার-প্রচারণার পর রাতে তারা সড়কের উপরে বিভিন্ন খালি স্থানে পোস্টার ঝুলিয়ে দিচ্ছে। এ জন্য বাঁশ-বেত দিয়ে চাটাই বেঁধে মজবুতভাবে পোস্টার লাগানোর জন্য মিস্ত্রিও লাগানো হয়েছে। প্রার্থীদের বাসাবাড়ি ও নির্বাচনী ক্যাম্প সংলগ্ন এলাকায় চলছে এসব কাজ। এছাড়া কিছু কিছু প্রার্থী তাদের নাম ও মার্কা দিয়ে তৈরি করেছেন ক্যালেন্ডার। ঐ সব ক্যালেন্ডার ভোটারদের বাসাবাড়িতে বিলি করা হচ্ছে। তৈরি করা হয়েছে কাপড়ের ব্যানারও।