সরকারের অপকর্মের জবাব
দিতে আরিফুলকে
বিজয়ী করুন
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২২:১৩
আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমশের মবীন চৌধুরী বীর বিক্রম। তিনি বলেন, সিলেটের সার্বিক উন্নয়নের লক্ষ্যে ও জুলমবাজ আওয়ামী সরকারের সকল অপকর্মের জবাব দিতে ১৮ দল সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করতে চায় সিলেটের অধিবাসীরা।
বৃহস্পতিবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ শ্যামলী কমিউনিটি সেন্টারে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১৮ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর প্রধান নির্বাচনী কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৩২ তম শাহাদত্বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী প্রমুখ।