‘নজরুল পুরস্কার’ পেলেন আসাদুল হক ও মুরশিদ জাহান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মজয়ন্তী উপলক্ষে নজরুল সংগীত শিল্পী পরিষদ আয়োজন করে দুই দিনব্যাপী নজরুল উত্সব। উত্সবের প্রথম দিনে গতকাল শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট নজরুল গবেষক ড. সলিমুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন নজরুল সঙ্গীত শিল্পী পরিষদের সাধারণ সম্পাদক শিল্পী সুজিত সোস্তফা এবং বাংলালিংকের পিআর এন্ড কমিউনিকেশন এসোসিয়েটের ম্যানেজার ইফতেখার আজমত। অনুষ্ঠানটি উত্সর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত শিল্পী সোহরাব হোসেনের স্মৃতির উদ্দেশ্যে। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট নজরুল গবেষক আসাদুল হক এবং খ্যাতনামা নজরুল সঙ্গীত শিল্পী মুরশিদ জাহানকে ‘নজরুল পুরস্কার’ প্রদান করা হয়। দুই খ্যাতনামা ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন ড. সলিমুল্লাহ খান। পুরস্কার প্রদান শেষে সংগঠনের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।