কাউখালীতে পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই

সন্ধ্যা, কচা, কালিগঙ্গা, গাবখান, নদী ঘেরা পিরোজপুরের কাউখালী উপজেলায় পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নেই। ২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী উপজেলায় লক্ষাধিক লোকের বসবাস হলেও পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র না থাকায় ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগের সময় ব্যাপক প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, ১৯৭০ সালের পর থেকে আজ পর্যন্ত কাউখালীতে মাত্র ৮টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর মধ্যে বেসরকারি সংস্থা নির্মাণ করেছে একটি, বাকিগুলো সরকারি। যে কয়টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে তার প্রতিটিতে সরকারি হিসাবে সর্বোচ্চ ৮শ’ মানুষ আশ্রয় নিতে পারে। এই হিসাবে কাউখালী এলাকায় বসবাসরত লক্ষাধিক মানুষের জন্য ১২৫টি সাইক্লোন শেল্টারের প্রয়োজন। কিন্তু বিদ্যমান ৮টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে সব মিলিয়ে ৪ হাজার মানুষ আশ্রয় নিতে পারে। উপজেলার দ্বিতল ভবন, স্কুল-কলেজ-মাদ্রাসার ১২টি ভবনে আরো ১০ থেকে ১১ হাজার মানুষ আশ্রয় নিতে পারে। অর্থাত্ সব মিলিয়ে দুর্যোগে আশ্রয়ের সুযোগ আছে মাত্র ১৫ হাজার মানুষের। বাকিদের জন্য দুর্যোগকালীন সময়ে নিরাপদ আশ্রয়ের কোন ব্যবস্থাই নেই। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাসের মতো দুর্যোগের সময়ে এই বিপুল সংখ্যক মানুষের প্রতিটি মুহূর্ত কাটে অজানা আশঙ্কায়। খোঁজ নিয়ে জানা গেছে, চিড়াপাড়া পার-সাতুরিয়া ইউনিয়নে কোন স্কুল কাম সাইক্লোন সেন্টার নেই্। সয়না রঘুনাথপুর ইউনিয়নে রয়েছে একটিমাত্র স্কুল কাম সাইক্লোন সেন্টার। অথচ এ ইউনিয়নটির চারপাশেই নদী। এছাড়া শিয়ালকাঠীতে ৩টি, কাউখালী সদর ইউনিয়নে ২টি, আমরাজুরি ইউনিয়নে ২টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র রয়েছে। অন্যদিকে কাউখালীতে রেডক্রিসেন্টের কোন কার্যক্রম নেই। সে জন্য সাধারণ মানুষ অনেক সময় দুর্যোগের আগাম খবর পান না।