লামার খরস্রোতা মাতামুহুরী এখন ধু ধু বালি চর
প্রকাশ : ৩১ মে ২০১৩, ২২:৫২
নাব্যতা হারিয়েছে মাতামুহুরী নদী। মিয়ানমার থেকে উত্পত্তি হওয়া এ নদীর বুকে এখন চাষ হয় বিভিন্ন ধরনের রবিশস্য। নৌযান চলাচল শূন্যের কোটায়। গভীরতা না থাকায় বর্ষায় সামান্য বৃষ্টিতেই লামা ও আলীকদমে জলাবদ্ধতাসহ পাহাড়ি ঢলের সৃষ্টি হয়।
বান্দরবান জেলার মৃত্তিকা উন্নয়ন কর্মকর্তার মতে, অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বসতবাড়ি নির্মাণ, পাহাড় খুদে পাথর উত্তোলনের ফলে মাটির ক্ষয় বৃদ্ধি পেয়ে মাতামুহুরী নদী ভরাট হয়ে গেছে।
অন্যদিকে জুমচাষের জন্য পাহাড়ে আগুন দিয়ে সবুজ বৃক্ষরাজি পুড়ে ফেলায় পাহাড়ের মাটি ক্ষয় বৃদ্ধি পেয়েছে। বয়োবৃদ্ধ মোহাম্মদ আলী বলেন, ১৯৮০-৮১ সালের দিকে এ নদীর গভীরতা ছিল ৫০ থেকে ৬০ফুট। প্রস্থ ৫শত থেকে ৭শত মিটার। নদীর আয়তন প্রায় ১৮৮০ একর। তবে নদীর সংযোকারী বিভিন্ন ছোট-বড় ঝিড়িতে পাহাড়ের পাদদেশ খোদাই করে নির্বিচারে পাথর আহরণের কারণে পানির উত্সগুলো শুকিয়ে গেছে। লামা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সাঈদ আলী বলেন, ড্রেজিং করে মাতামুহুরীর নাব্যতা ফিরিয়ে এনে আমরা একে রক্ষা করতে পারি।
পানি উন্নয়ন বোর্ড চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফ জামান বলেন, যে কোন নদী ড্রেজিং করার আগে জরিপ করতে হয়। তবে লামার এ নদীটি এখনও জরিপের আওতায় আসেনি।