মাওয়া ও পাটুরিয়ায় দীর্ঘ যানজট

বৈরী আবহাওয়া ও নদীতে প্রচণ্ড ঢেউয়ের কারণে মাওয়া-কাওড়াকান্দি এবং পাটুরিয়া-দৌলতদিয়াসহ দেশের বিভিন্ন নৌরুটে গত বৃহস্পতিবার সারারাত ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে উভয় নৌরুটের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। অনেকে পায়ে হেঁটে ঘাটে পৌঁছে নৌকায় করে জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হন। এ সময় নারী ও শিশুরা চরম দুর্ভোগে পড়ে। দীর্ঘ ১৪ ঘন্টা পর গতকাল শুক্রবার সকালে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে সীমিত আকারে ফেরি চলাচল শুরু হয়। তবে ঢেউ এর আঘাতে ক্ষতিগ্রস্ত ৩ নং রো রো ফেরি ঘাটটি এখনো সচল করা সম্ভব হয়নি। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত ঘাটটি মেরামতের কাজ চলছিল। অন্যদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সকাল ৬টায় ফেরি এবং বিকাল ৩টায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ১নং ঘাটে ফেরি চলাচল শুরু হলেও ২নং ফেরিঘাট চালু হয় বেলা ৩টায়। পদ্মায় প্রচণ্ড ঢেউয়ের কারণে ফেরি ঘাটগুলোর ক্ষতি হওয়ায় বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ নৌরুটের সবগুলো ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয়পাশে আটকে পড়ে অসংখ্য যানবাহন। অবর্ণনীয় দুর্ভোগে পড়েন হাজারো যাত্রী। অনেকে নির্ধারিত বাস রেখে নৌকায় নদী পার হন। বিআইডব্লিউটিসি মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক জানান, ৩নং ঘাট বন্ধ থাকায় বড় আকারের রো রো ফেরি দুটি বন্ধ রয়েছে। তবে অন্য ফেরি চলাচল শুরু হলেও যানজট এখনো রয়েছে। তিনি জানান, প্রচণ্ড ঢেউ আছরে পড়ায় এবং প্রচণ্ড বাতাসের কারণে ফেরিঘাটগুলো ক্ষতিগ্রস্ত হয়। ৩নং ফেরিঘাটটি চালু করতে রাত হতে পারে। এ ঘাটের সংযোগ রাস্তার একাংশ নদীতে বিলীন হয়ে গেছে। বালুর বস্তা ফেলে রাস্তাটি মেরামত করা হচ্ছে। জানা গেছে, অপরিকল্পিতভাবে ড্রেজিং করে বালু উত্তোলন করায় ৩নং ঘাটের সংযোগ সড়কটির কিছু অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়া একই কারণে পদ্মা নদী তীর সংরক্ষণ বাঁধের গারুগাঁও অংশে ভাঙ্গন দেখা দিয়েছে। গতকাল পর্যন্ত বাঁধের প্রায় সাড়ে ৬শ’ ফুট এলাকা নিশ্চিহ্ন হয়ে গেছে। নদী ভাঙ্গনে ইতিমধ্যে পদ্মা পাড়ের প্রায় ২০০ ঘর বিলীন হয়ে গেছে। গজারিয়া ও নারায়ণগঞ্জের সোনারগাঁও সীমান্তবর্তী চরকিশোরগঞ্জের বিস্তীর্ণ এলাকার ফসলি জমি দেবে গেছে। ক্ষমতাসীন দলের সমর্থকদের একটি সিন্ডিকেট নদী থেকে বালু উত্তোলন করছে বলে স্থানীয় ৮৫ জন ব্যক্তি লিখিতভাবে জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেছেন। এ ব্যাপারে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বাদল বলেন, সরকারিভাবে বালু উত্তোলনের কোন অনুমতি নেই। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইউএনওকে নির্দেশ দেয়া হয়েছে। স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, দ্রুততম সময়ের মধ্যে বাঁধটি সংস্কার করা জরুরি। বিষয়টি পানিসম্পদ মন্ত্রীসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ফেরি ও লঞ্চ চলাচল বিঘ্নিত হওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের দুইপাশে প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পাটুরিয়া-দৌলতদিয়া-কাজিরহাট রুটে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে ১০ ঘণ্টা এবং পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা দৌলতদিয়া-কাজিরহাট রুটে দুপুর ১২টা থেকে গতকাল শুক্রবার ৩টা পর্যন্ত ২৭ ঘণ্টা ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ছিল। এতে পাটুরিয়া-ঢাকা সড়কে যানবাহনের সারি ৭ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ হয়। দৌলতদিয়া প্রান্তে ৫ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। বিআইডব্লিউটিএ’র আরিচা বন্দর কর্মকর্তা কবির হোসেন জানান, বৃহস্পতিবার সকাল থেকে পদ্মা-যমুনা নদী এলাকায় ২নং দূরবর্তী নৌ বিপদ সংকেত দেখান হয়। নদীতে প্রবল স্রোত, ঢেউ ও দমকা হাওয়ায় দুর্ঘটনার আশংকায় বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে নৌ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়। বিআইডব্লিউটিসি’র ডিজিএম শাহদত্ হোসেন জানান, বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নদীতে প্রবল স্রোত ও ঝড়ো হাওয়ার কারণে ফেরি চলাচলে বিঘ্ন ঘটে। কয়েক দফায় ফেরি আটকে যাওয়ার ঘটনাও ঘটে। পারাপার হতে সময় বেশি লাগায় উভয় ঘাট এলাকায় তীব্র যানজট দেখা দেয়। চরম দুর্ভোগে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যাতায়াতকারী শত শত পরিবহনের হাজার হাজার যাত্রী। বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকায় দুই শতাধিক দূরপাল্লার বাস, তিন শতাধিক মালবাহী ট্রাক ও শতাধিক ছোট গাড়ি নদী পার হওয়ার অপেক্ষায় ছিল বলে ঘাট কর্তৃপক্ষ জানান। লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলার মজুচৌধুরীর হাট ঘাট দিয়ে গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে ফেরি, সী ট্রাক ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। বিআইডব্লিউটিসি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলে জানিয়েছেন ফেরি ঘাটের ইনচার্জ। এদিকে নৌযান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ইঞ্জিনচালিত নৌকা ও বালুবাহী বলগেটে করে ভোলা ও বরিশালের উদ্দেশ্যে মেঘনা নদী পাড়ি দিচ্ছেন বলে জানা গেছে।