গল্প নয় সত্যি
আগুন নিয়ে ফায়ার স্টেশনে!
প্রকাশ : ০১ জুন ২০১৩, ১৯:০৩
সিনেমার অ্যাকশন দৃশ্যে আগুন জ্বলতে থাকা কোনো গাড়ি নিয়ে নায়কের ছুটে যাওয়ার দৃশ্য হয়তো অনেকেই দেখেছেন। এমনকি গায়ে আগুন জ্বলতে থাকা কোনো নায়কের দিব্যি অ্যাকশন দেখিয়ে যাওয়াটাও রূপালি পর্দায় নতুন কিছু নয়। তবে বাস্তবে এ ধরনের দৃশ্যের যেমন দেখা মেলে না তেমনি এ ধরনের কোনো ঘটনার জন্য মানসিক প্রস্তুতিও রাখেন না কেউ। যদিও চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্যের মতো শোনালেও সম্প্রতি এমন একটি ঘটনা বাস্তবেই ঘটে গেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায়। ঘটনার বিবরণে জানা যায়, ভিয়েনার প্রেগারটেন শহরের কাছে আর দশদিনের মতোই নিজেদের টুকটাক কাজ আর প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন স্থানীয় দমকল স্টেশনের দমকল কর্মীরা। এ সময় সেখানে হুট করেই হর্ণ বাজাতে বাজাতে ঢুকে পড়ে একটি প্রাইভেট কার। বিষয়টা দেখে প্রথমে কোনো ক্ষ্যাপাটে তরুণের পাগলামী বলেই ধরে নিয়েছিলেন দমকল কর্মীরা। কিন্তু গাড়ির পেছনে জ্বলতে থাকা আগুন দেখে মুহূর্তেই ভুল ভাঙ্গে দমকল কর্মীদের। সাথে সাথে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে আগুনও নিয়ন্ত্রণে আনেন তারা। কিন্তু যেখানে আগুন লাগার পর ফোন বা অন্য কোনো মাধ্যমে খবর পেয়ে দমকল কর্মীদের নিজেদেরই ছুটে যাওয়ার কথা সেখানে আগুন কেন গাড়িতে চড়ে তাদের কাছে হাজির হলো সেই বিষয়টি সবাইকেই ভীষণ কৌতূহলী করে তোলে। আর তাদের কৌতূহলের সূত্র ধরেই জানা যায় যে, পথে চলার সময় নাম প্রকাশ না করা ওই চালকের গাড়ির পেছনের দিকে আগুনের উপস্থিতি টের পান পথচারী ও অন্য গাড়ির চালকেরা। কিন্তু বিষয়টি জানানোর পরও ওই চালক গাড়ি থেকে বেরিয়ে না যেয়ে উল্টো গাড়িটিকেই চালিয়ে নিয়ে যান দমকল স্টেশনে। এ সময় প্রায় এক কিলোমিটার বা আধা মাইলের বেশি পথ চালিয়ে এলেও কোনো ধরনের আঘাত পাননি ওই চালক। এদিকে এ বিষয়টিকে চরম দুঃসাহসীক একটি কাজ বলে অভিহিত করলেও চূড়ান্ত বিচারে এটি যে মস্ত একটা বোকামী সেটি বেশ স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন সে সময় স্টেশনে উপস্থিত থাকা দমকল কর্মীদের একজন রোল্যান্ড ব্র্যান্ডল। আগুনের সম্ভাব্য কারণ হিসেবে গাড়ির পেছনের অংশে গাড়ি পরিস্কার করার কোনো কাপড় আটকে থাকাকে দায়ী করে রোল্যান্ড জানান, এ ধরনের পরিস্থিতিতে কেউ যখন গাড়ি চালাতে থাকে তখন সে যে শুধু তার নিজের জীবনের ঝুঁকিই নেয় তা নয়, বরং একই সাথে সে রাস্তায় চলতে থাকা অন্যান্য যানবাহন ও পথচারীদের নিরাপত্তাকেও ঝুঁকিতে ফেলে দেয়। এমনকি তার এভাবে চলে আসার কারণে দূর্ঘটনা ঘটতে পারতো খোদ দমকল স্টেশনেও।