আমির খানের সঙ্গে দেখা করতে চান বিল গেটস
প্রকাশ : ০১ জুন ২০১৩, ১৯:১১
বলিউড পারফেক্টশনিস্ট আমির খান শুধু এশিয়াতেই নয়, পুরো বিশ্বে নিজের জনপ্রিয়তার চুম্বক ছড়িয়ে রেখেছেন। সম্প্রতি দ্বিতীয়বারের মতো টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছেন। আর তার সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করলেন মাইক্রোসফটের অধিকারী ও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস। বিল গেটস তার ব্লগে লিখেছেন, ‘আমি বলিউড অভিনেতা ও সমাজসেবক আমির খানের সঙ্গে দেখা করার জন্য ব্যাকুল হয়ে আছি। তার বেশ কিছু চলচ্চিত্র আমি দেখেছি, এসব চলচ্চিত্র থেকে অনেক বেশি অনুপ্রাণিত হই আমি। বিশেষ করে ইউনিসেফ-এর অ্যাম্বাসেডর হয়ে তার বেশ কিছু কাজ আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি অভিভূত। তার টিভি শো ‘সত্যমেভ জয়তে’ সম্পর্কে অনেক শুনেছি আমি, কয়েকটি পর্ব দেখেছিও। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের অনেক খুঁটিনাটি বিষয় তুলে ধরেছেন তিনি। শুনেছি এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজের ক্ষতিকারক অনেকের মুখোশও বেরিয়ে এসেছে। এমন একটি মানুষের সঙ্গে দেখা করার জন্য আমি অপেক্ষা করছি। যদি খুব বেশি ভাগ্যবান হই, তাহলে ভবিষ্যতে হয়তো তার নাচও দেখতে পাবো।’