শেয়ারবাজারে বেসরকারি তহবিল আনছে সুইসপ্রো

ইউসিআইটি (আন্ডারটেকিং ফর কালেকটিভ ইনভেস্টমেন্টস ইন ট্রান্সফারেবল সিকিউরিটিজ) মানের বিনিয়োগ ফান্ড বাংলাদেশে চালু করেছে সুইসপ্রো ইনভেস্ট। গতকাল রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে এই ফান্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। পুঁজিবাজারের পাশাপাশি দেশের বিভিন্ন খাতে এ ফান্ডের অর্থ বিনিয়োগ করা হবে। বিদেশি উদ্যোক্তাদের কাছ থেকে আগামী ৬ মাসের মধ্যে ২ বিলিয়ন ডলার (২০০ কোটি) ফান্ড সংগ্রহ করবে। যার একটি অংশ দেশের শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে। অনুষ্ঠানে ড. মশিউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই), প্রেসিডেন্ট রকিবুর রহমান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রেসিডেন্ট আল মারুফ খান, সুইসপ্রো ইনভেস্টমেন্টের চেয়ারম্যান ক্রিশ্চিয়ান ফোরথুবার ও সুইসপ্রো ইনভেস্টমেন্টের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক মামুন রশীদ। সুইসপ্রো ইনভেস্ট-এর চেয়ারম্যান ক্রিশ্চিয়ান ফোরথুবার বলেন, বিশ্বব্যাপী বর্তমান অর্থনীতির প্রেক্ষাপটে বাংলাদেশ তার ভাল অবস্থানে ফিরে আসছে। আমাদের বিশ্বাস এদেশের অর্থনীতি আগামী দশকের মধ্যে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হবে এবং বিনিয়োগকারীদের দীর্ঘস্থায়ী প্রবৃদ্ধির অভূতপূর্ব সুযোগ দেবে। এসপিআই বাংলাদেশ ফান্ড বিশ্বের প্রথম ইউসিআইটি মানের বিনিয়োগ ফান্ড যা বিনিয়োগকারীদের এশিয়ার বিশাল মার্কেটে বৈচিত্র্যময় সুযোগ এনে দেবে। প্রধান অতিথির বক্তব্যে ড. মশিউর রহমান বলেন, এ ফান্ড শুধু শেয়ারবাজার কেন্দ্রিক নয়, দেশের বিভিন্ন খাতে এ ফান্ড থেকে বিনিয়োগ করা হবে। তাই বাংলাদেশের অর্থনীতিতে এ ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুইসপ্রো ইনভেস্ট ঢাকাভিত্তিক ব্যক্তিমালিকানাধীন বিনিয়োগ পরামর্শক সংস্থা। জার্মানির ফ্রাঙ্কফুর্টের প্রতিনিধি অফিস রয়েছে। বিভিন্ন বিনিয়োগ সংক্রান্ত বিষয়ের সমন্বয় করাই সংস্থাটির কাজ। বাংলাদেশের বিনিয়োগ পরিস্থিতির উপর গুরুত্ব দিয়ে প্রথম বারের মত ইউসিআইটি মানের বিনিয়োগ ফান্ড চালু করল বিনিয়োগ পরামর্শক সংস্থা সুইসপ্রো ইনভেস্টমেন্ট বা এসপিআই।