ঝিনাইদহে কৃষকের বিরুদ্ধে ২৬০৪টি সার্টিফিকেট মামলা
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২১:০৮
কৃষি ঋণ পরিশোধ না করায় কৃষকদের বিরুদ্ধে দায়ের করা দু’হাজার ৬০৪টি সার্টিফিকেট মামলা বিচারাধীন রয়েছে ঝিনাদহে। এ সব মামলায় ব্যাংকগুলোর দাবির পরিমাণ ৭ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার টাকা।
জেলা কৃষি ঋণ কমিটি সূত্রে জানা গেছে, দায়ের করা এ সব সার্টিফিকেট মামলার মধ্যে বেশি মামলা করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ ব্যাংকের দায়ের করা বিচারাধীন সার্টিফিকেট মামলার সংখ্যা এক হাজার ৬২৫টি। যাদের দাবির পরিমাণ চার কোটি ৭৫ লাখ ৪৩ হাজার টাকা। বাকি মামলাগুলো সোনালী, জনতা, পূবালী ও কর্মসংস্থান ব্যাংক, বিআরডিবি, কেন্দ্রীয় সমবায় সমিতি এবং অন্যান্য ঋণদানকারী সংস্থাগুলোর।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত এপ্রিল মাসে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো নতুন করে ৫৮টি সার্টিফিকেট মামলা দায়ের করে। আর এ মাসে নিষ্পত্তি হয়েছে ২৮টি মামলা। প্রতি মাসেই অনিষ্পত্তিকৃত সার্টিফিকেট মামলার সংখ্যা বাড়ছে। কোন কোন মামলায় চাষিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়েছে। ফলে পালিয়ে বেড়াচ্ছে এ সব চাষি।
চলতি অর্থ বছরে (২০১২-১৩) ঝিনাইদহ জেলায় ২১৯ কোটি ৭৩ লাখ টাকা কৃষি বা পল্লী ঋণ বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ৩০ এপ্রিল পর্যন্ত ৩৯ হাজার ৮০১ জন কৃষকের মাঝে ১৮০ কোটি ৯৩ লাখ টাকা বিতরণ করা হয়েছে। যা বরাদ্দের ৮০ শতাংশ। অন্যদিকে এ সময়ে বকেয়া ঋণ আদায় অবস্থা নাজুক। চলতি অর্থ বছরের শুরুতে আদায়যোগ্য বকেয়া কৃষি ঋণের পরিমাণ ছিল ১৯৭ কোটি ১৫ লাখ টাকা। আর এপ্রিল পর্যন্ত ১০ মাসে আদায় হয়েছে ১৫৯ কোটি ৬৩ লাখ টাকা। আর এপ্রিল পর্যন্ত বকেয়া ঋণের পরিমাণ ছিল মোট ৪০০ কোটি ৯৬ লাখ টাকা।