গৌরনদীর পৌর শহরে বৃষ্টি এলেই রাস্তায় জমে হাঁটু পানি

পরিকল্পিত ড্রেনেজ না থাকায় সামান্য একটু বৃষ্টি হলেই গৌরনদী পৌরসভার বিভিন্ন এলাকার সড়কে হাঁটু সমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে পৌরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়। জরুরি ভিত্তিতে জলাবদ্ধতার কবল থেকে রক্ষা পেতে পৌরবাসী গৌরনদী পৌরসভার মেয়রের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। উল্লেখ্য, ড্রেনেজ ব্যবস্থার অভাবে পানি নিষ্কাশন হতে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগে। ড্রেনগুলো থাকে ময়লা-আবর্জনায় ভর্তি। টরকী বন্দর-সাউদের খালটি পালরদী নদীর সংযোগস্থল ভরাট করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে প্রভাবশালীরা, সংরক্ষণের অভাবে ড্রেনের পানি সরে যেতে ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগে। এ খালটি ভরাট হওয়ার কারণে পানি নিষ্কাশন হতে না পারায় পৌরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জলাবদ্ধতায় পৌরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ জানান, বিগত আমলে অপরিকল্পিতভাবে ড্রেন, ঘর-বাড়ি নির্মাণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।