সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও তিনজন আহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়করে সলঙ্গার পাঁচলিয়ায় পিক-আপ ভ্যান চাপায় পথচারী রায়হান আলী (৩২) ও সদর উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে হেলপার সাহাদত হোসেন নিহত হন।
নিহত রায়হান আলী সলঙ্গা থানার পাঁচলিয়া রানিনগর গ্রামের ছোরহাব আলীর ছেলে। আরেক নিহত সাহাদত হোসেন নাটোর জেলার গুরুদাসপুরে সাহাদত হোসেনের ছেলে। পৃথক এ দুটি ঘটনায় অন্তত তিনজন আহত হন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, শুক্রবার হাটিকুমরুলগামী একটি পিক-আপ ভ্যান সকালে পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছুলে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারি রায়হানকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিক-আপ ভ্যানটি থানায় আটক রয়েছে।
আরও পড়ুনঃ সিংড়ায় প্রেমিকের জন্য শিশুকে খুন করলো প্রেমিকা
অপরদিকে সকালে মাছ বোঝাই ট্রাক সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ট্রাকের হেলপার সাহাদত হোসেন নিহত হন।
ইত্তেফাক/নূহু