সরাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন নিয়ে তোলপাড়
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:১৬
সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্ত ছাড়াই গ্রাম্য মাতব্বরদের নির্দেশে দাফনের ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তোলপাড় সৃষ্টি হয়েছে। অস্বাভাবিক এ মৃত্যুর ঘটনায় ছৈয়দ মিয়া নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে ৮০ হাজার টাকা জরিমানা করেছে সমাজপতিরা। সরাইল উপজেলা সদরের গুনারা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, গত বুধবার সকালে সরাইল উপজেলার গুনারা গ্রামের মৃত আব্দুল বাছির মিয়ার ছেলে আবু তাহের (৪০) জেলার নাসিরনগর উপজেলা সদরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। একই গ্রামের ছায়েব আলীর ছেলে টেম্পো চালক ছৈয়দ মিয়া আহত আবু তাহেরকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও থানা পুলিশকে না জানিয়ে লাশ নিয়ে গ্রামে চলে আসেন ছৈয়দ মিয়া। লাশ বাড়িতে রেখে এ নিয়ে বুধবার রাতে ছৈয়দ আলীর বাড়িতে এক সালিশ বসে। গুনারা গ্রামের মাতব্বর মো. আছমত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সালিশ সভায় উপস্থিত ছিলেন গ্রাম্য মাতব্বর আউশ মিয়া, উছমান মিয়া, মন মিয়া, এলেম মিয়া, মাতু মিয়াসহ অনেকে। এ সভায় আবু তাহেরের মৃত্যুর জন্য টেম্পো চালক ছৈয়দ মিয়াকে দায়ী করে ৮০ হাজার টাকা জরিমানা করেন সালিশকারকরা।
মাতব্বর আছমত আলী সালিশ সভার কথা স্বীকার করে বলেন, লাশ দাফনের পর ছৈয়দ মিয়া টাকা দিতে গড়িমসি করছেন।
তিনি বলেন, নাসিরনগর থানার ওসির কথামতো ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে আমরা বলেছি। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কোন অনুমতি নেইনি।
এ বিষয়ে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কাদের মুঠোফোনে বলেন, কোন অভিযোগ না পাওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছি।