বেনাপোল বাইপাস সড়ক এক যুগেও শেষ হয়নি

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বাইপাস সড়কটির নির্মাণকাজ দীর্ঘদিনেও শেষ হয়নি। আইনগত জটিলতায় এ প্রকল্পের কাজ বন্ধ থাকার পর পুনরায় নির্মাণ শুরু হয়েছে। ধীরগতিতে শুরু হওয়া এ কাজটি দ্রুত সমাপ্ত না হওয়ার কারণে বেনাপোল বন্দরে দিন দিন যানজট বেড়েই চলেছে। ব্যাহত হচ্ছে আমদানী-রপ্তানি কার্যক্রম। সরকার হারাচ্ছে রাজস্ব। ১৯৯৯ সালের প্রথমদিকে বেনাপোল বন্দরকে যানজটমুক্ত করে একটি আধুনিক বন্দরে রূপান্তরের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অধীনে বেনাপোলের পাশ দিয়ে শুরু হয় বাইপাস সড়ক নির্মাণের কাজ। ১২০ দিনে ৩ কিলোমিটার এ সড়ক নির্মাণে প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয় ২ কোটি ২২ লাখ টাকা। ২০০১ সালে বন্দর থেকে ছোট আচড়া মৌজার শেষ সীমানা পর্যন্ত ১ কিলোমিটার মাটির কাজ সমাপ্ত হয়। কিন্তু বাকি ২ কিলোমিটার দিঘিরপাড় পর্যন্ত অর্থের অভাবে মাটির কাজ অসমাপ্ত থেকেই যায়। অভিযোগ রয়েছে, দিঘিরপাড় পর্যন্ত ৯৫-১১৭ ফুট চওড়া এ পাইপাস সড়কের জন্য স্থানীয় কৃষকদের কাছ থেকে জমি অধিগ্রহণ করা হলেও প্রকৃত জমির মালিকরা টাকা না পাওয়াতে নির্মাণ কাজে বাধা দেয়। ফলে বন্ধ হয়ে যায় নির্মাণকাজ। দীর্ঘদিন পরে জমির মালিকরা টাকা পেলে আবার শুরু হয় কাজ। কিন্তু শেষ হচ্ছে না এর নির্মাণ কাজ। এদিকে ঠিকাদার ও সড়ক বিভাগের প্রতিনিধিরা বলেছেন, অর্থের অভাবে বাইপাস সড়কের নির্মাণ কাজ ধীর গতিতে চলছে।