খিলক্ষেতে পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে পুলিশ হেফাজতে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম হূদয় (১৯)। গ্রামের বাড়ি নরসিংদী। থাকতেন খিলক্ষেত চাঁনপাড়ায়। থানা হাজতে অসুস্থ হয়ে পড়লে হূদয়কে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিত্সক তাকে মৃত বলে ঘোষণা করেন। খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ বলেন, হূদয় মাদকসেবী। গতকাল বিকালে খিলক্ষেত ওভার ব্রিজের নিচে এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করার অভিযোগে জনতা তাকে পিটুনি দিয়ে টহলরত র্যাবের হাতে তুলে দেয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। তাকে রাখা হয় থানা হাজতে। সেখানে ড্রাগের জন্য চিত্কার শুরু করে এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়ে সে। তাকে পাঠানো হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ বা র্যাব সদস্যরা তাকে মারধর করেনি। হাসপাতাল সূত্র জানায়, বিকাল সোয়া ৫টার দিকে খিলক্ষেত থানার সাব-ইন্সপেক্টর শাহানুর ও জুয়েল তাকে হাসপাতালে ভর্তি করে। পৌনে ৬টার দিকে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিত্সক ডা. জুয়েল বাড়ই তাকে মৃত বলে ঘোষণা করেন।