আজ তিন জেলায় শিবিরের হরতাল
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:৩৪
আজ রবিবার নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় অর্ধদিবস হরতাল ডেকেছে ছাত্র শিবির। অন্যদিকে আগামীকাল সোমবার রংপুরে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে বিএনপি। খবর আমাদের প্রতিনিধিদের।
নোয়াখালী : ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ডা. ফখরুদ্দিন মানিক, দপ্তর সম্পাদক আতিকুর রহমান ও বিদেশ বিষয়ক সম্পাদক মহসিনুল কবিরকে গ্রেফতারের প্রতিবাদে শিবির আজ হরতাল ডেকেছে। শনিবার দুপুরে নোয়াখালী জেলা ছাত্র শিবিরের সভাপতি নেয়ামত উল্যা সাকের হরতালের বিষয়টি নিশ্চিত করেন।
ফেনী : ফেনী জেলা শিবিরের সভাপতি তারেক মাহমুদ জানান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন মানিককে ঢাকায় গ্রেফতারের প্রতিবাদে ফেনী জেলা শিবির আজ ফেনীতে অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে।
লক্ষ্মীপুর : কেন্দ্রীয় ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক আতিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলায় আজ অর্ধদিবস হরতাল ডেকেছে জেলা ছাত্র শিবির। শনিবার দুপুরে জেলা ছাত্র শিবিরের সভাপতি আবদুল আউয়াল রাসেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই হরতালের কথা জানানো হয়।
কাল রংপুরে বিএনপির
অর্ধদিবস হরতাল
রংপুর : যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি রইচ আহমেদ, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা সম্পাদক আনিসুর রহমান লাকু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি (রংপুর বিভাগ) মাহফুজ-উন-নবী ডন, জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ, জেলা ছাত্রদলের সভাপতি জহির আলম নয়নসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর মুক্তি ও দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল সোমবার রংপুরে ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে জেলা বিএনপি। শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে হরতালের ডাক দেয়া হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেরা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন।