চিকিত্সকের ওপর সন্ত্রাসী হামলার জের

হঠাত্ কর্মবিরতি, অচল চট্টগ্রাম মেডিক্যাল

চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্নি চিকিত্সকরা গতকাল শনিবার হঠাত্ অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন। এ সময় হাসপাতালের জরুরি বিভাগসহ সব প্রবেশ গেইটগুলো তালাবদ্ধ করে দিলে চিকিত্সা নিতে আসা রোগী ও দর্শনার্থীরা বিপাকে পড়েন। ধর্মঘটের কারণে গতকাল মেডিক্যাল কলেজেও কোন ক্লাস হয়নি। একজন ইন্টার্নি চিকিত্সকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এই কর্মবিরতির ডাক দেয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইন্টার্নি চিকিত্সক সোহেল পারভেজ সুমন গতকাল শনিবার সকালে মেহেদীবাগ এলাকায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হন। সন্ত্রাসীরা তার মাথা ও শরীরে আঘাত করে। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যালে ভর্তি করা হয়। রেল স্টেশন থেকে বাসায় ফেরার পথে মেহেদীবাগ ন্যাশনাল হাসপাতাল সংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিত্সাধীন রয়েছেন। ছাত্রলীগ এই হামলার জন্য ছাত্র শিবিরকে দায়ী করেছে। এদিকে সুমনের উপর হামলার ঘটনায় কলেজের ছাত্রলীগ নেতা-কর্মীরা চট্টগ্রাম মেডিক্যালের জরুরি বিভাগসহ অন্যান্য গেইট বন্ধ করে দেয়। এ সময় ইন্টার্নি চিকিত্সকরাও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেন। হাসপাতালের গেইট বন্ধ করে দেয়ায় চিকিত্সাধীন রোগী ও দর্শনার্থীরা বিপাকে পড়েন। তবে কিছুক্ষণ পর জরুরি বিভাগের গেইটটি খুলে দেয়া হলেও অন্যান্য গেইট সন্ধ্যা পর্যন্ত বন্ধ ছিল। সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, গেইট বন্ধ থাকায় রোগী ও স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ওষুধপত্র ও প্রয়োজনীয় কাজে কেউ বের হতে পারছেন না। দীর্ঘপথ ঘুরে জরুরি বিভাগের গেইট দিয়ে চলাচল করতে হচ্ছে। হঠাত্ করে কর্মবিরতির কারণে চিকিত্সাধীন রোগীরাও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ ব্যাপারে চট্টগ্রাম মেডিক্যালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল গনি ইত্তেফাককে বলেন, ‘ইন্টার্নিদের ধর্মঘটের কারণে রোগীদের চিকিত্সার কোন সমস্যা হবে না। আমাদের পর্যাপ্ত চিকিত্সক রয়েছে। ইন্টার্নিরাও সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে। যেহেতু মামলা হয়েছে আশা করি দুয়েক দিনের মধ্যে তারা ধর্মঘট প্রত্যাহার করে নেবে।’ ইন্টার্নি চিকিত্সক সুমনের উপর হামলা প্রসঙ্গে ছাত্রলীগ মেডিক্যাল কলেজ শাখার সভাপতি মেজবাহ জানান, ছাত্র শিবিরের সন্ত্রাসীরা সুমনের উপর হামলা করেছে। শিবির নেতা মহসীন ও আজিজসহ আরো কয়েকজনকে আসামি করে চকবাজার থানায় মামলা হয়েছে। চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিক আহমেদ চৌধুরী মামলা দায়েরের কথা স্বীকার করে জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এদিকে দুপুরের পর চিকিত্সকদের কর্মবিরতি ও সন্ত্রাসী হামলা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ইন্টার্নি ডক্টরস এসোসিয়েশন ও ছাত্রলীগ নেতাদের বৈঠক হলেও তারা কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেন নি বলে জানা গেছে।