নওগাঁয় আড়াই কোটি টাকা নিয়ে লাপাত্তা বৈশাখী সোসাইটি

নওগাঁ শহরের উপকণ্ঠে বৈশাখী মাল্টিপারপাস সোসাইটি নামে একটি বেসরকারি সংস্থা প্রায় এক হাজার আমানতকারীর আড়াই কোটি টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা। অধিক লাভের আশায় এসব আমানতকারী বিনিয়োগ করেছিলেন। সর্বস্ব হারানো আমানতকারীদের আহাজারি চলছে এলাকায়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং পুলিশ এলাকা পরিদর্শন করেছেন। ভুক্তভোগীরা জানান, সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে রাশেদুল ইসলাম ২০০৫ সালে প্রথমে মাদার নামে একটি সংস্থা গড়ে তোলেন। পরে নাম পরিবর্তন করা হয় ‘দেশ উন্নয়ন’। সর্বশেষে সমবায় অধিদপ্তর থেকে রেজিষ্ট্রেশন গ্রহণ করে বৈশাখী মাল্টিপারপাস সোসাইটি লিমিটেড নামে সমবায় ও আর্থিক প্রতিষ্ঠান করেন। প্রথমে মঙ্গলপুর পরে বোয়ারিয়া, দুর্গাপুর, সান্তাহার, ছাতিয়ানগ্রাম, ফতেপুরসহ কয়েকটি গ্রামের প্রায় এক হাজার মানুষকে প্রতি লাখে মাসিক আড়াই হাজার টাকা লাভ দেয়ার নাম করে টাকা হাতিয়ে নেন। রাশেদের বাড়ি জেলার বদলগাছি উপজেলার বিলাসবাড়ী গ্রামে। বাবা-মা মারা যাওয়ার পর নানাবাড়ি মঙ্গলপুর গ্রামে বড় হন। ৫০ হাজার টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত একেকজন এখানে সঞ্চয় করেছেন। জানা যায়, উক্ত রাশেদ গত ২ দিন পূর্বে তার মালিকানাধীন সম্পত্তি বিক্রি করেছেন। এছাড়া নওগাঁ শহরের পার-নওগাঁ ঈদগাহপাড়ায় তার নানার বাড়িতে পরিবারের সবাই পালিয়ে গেছে। নওগাঁ সদর মডেল থানার ওসি মোজাম্মেল হক জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। থানায় অভিযোগ দায়ের করা হলে গ্রহণ করা হবে।