জাতিসংঘ পদক পেলেন বাংলাদেশের চার শহীদ শান্তিরক্ষী
শহীদুল ইসলাম, যুক্তরাষ্ট্র
প্রকাশ : ০১ জুন ২০১৩, ২২:৩৬
জাতিসংঘ সদর দফতরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে ৩১টি দেশের ৯২ জন শহীদ শান্তিরক্ষীকে (সামরিক ও পুলিশ) সর্বোচ্চ ত্যাগ স্বীকারের স্বীকৃতিস্বরূপ পদক প্রদান করা হয়। তাদের মধ্যে বাংলাদেশের চারজন শান্তিরক্ষী রয়েছেন।
জাতিসংঘ মহাসচিব বান কি মুন জাতিসংঘ সদর দফতরে দিবসটির উদ্বোধন করেন এবং স্বাগত বক্তব্য দেন। গত বছর বিশ্ব শান্তিরক্ষায় যেসব বীর শান্তিরক্ষী আত্মাহুতি দিয়েছেন তাদের স্মরণে পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। যে চারজন বাংলাদেশি শান্তিরক্ষীকে পদক দেয়া হয়েছে তারা হলেন উইং কমান্ডার মো. আব্দুল হারিছ, এসআই মো. শাহ আলম, কনস্টেবল মো. আব্দুল হাকিম এবং কনস্টেবল মো. আজগর আলী। গত বছরের বিভিন্ন সময় শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনরত অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। শান্তিরক্ষী বাহিনীর পক্ষে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল হার্ভে লাডচুজের কাছ থেকে পদক গ্রহণ করেন। বাংলাদেশ মিশনের প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল মোমেন সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সদস্য প্রেরণকারী দেশ। বর্তমানে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১০ হাজারের উপরে শান্তিরক্ষী নিয়োজিত আছেন। এ পর্যন্ত বাংলাদেশের ১১২ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন।