যথাযোগ্য মর্যাদায় নির্ভীক সাংবাদিক মানিক মিয়ার মৃত্যুবার্ষিকী পালিত

বাংলায় আধুনিক সাংবাদিকতার কিংবদন্তী তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৪ তম মৃত্যুবার্ষিকী গতকাল শনিবার যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল দিনব্যাপী মরহুমের সন্তানদের পক্ষ থেকে এবং দৈনিক ইত্তেফাকসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। মরহুমের মাজারে কোরআনখানি, দোয়া- মোনাজাত, তবারক বিতরণ, এতিম-খানায় খাবার বিতরণ ইত্যাদির পাশাপাশি নির্ভীক এই সাংবাদিকের কর্মময় জীবনের ওপর ঢাকায় এবং ঢাকার বাইরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাজারে কোরআনখানি :গতকাল সকাল ৭টা থেকে আজিমপুর কবরস্থানে মরহুমের মাজার প্রাঙ্গণে শুরু হয় কোরআনখানি। সকাল ১০টায় মিলাদ-মাহফিল ও দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হয়। মিলাদ ও দোয়া-মোনাজাতে অংশ নেন মরহুমের জ্যেষ্ঠ পুত্র ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, কনিষ্ঠ পুত্র ও দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন, ইত্তেফাকের নির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, পরিচালক রেজাউল আহসান ফাগুন এবং ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দ, জাতীয় পার্টি-জেপি’র নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়। মরহুমের মাজার প্রাঙ্গণে এবং ফকিরাপুল এলাকায় বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা (বিএনআরএস) পৃথকভাবে তবারক বিতরণ করে। মাজারে শ্রদ্ধার্ঘ্য অর্পণ গতকাল সকাল থেকেই মরহুমের মাজারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। জাতীয় পার্টি-জেপি’র নেতৃবৃন্দ সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় জেপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মফিজুল হক বেবু, এজাজ আহমেদ মুক্তা, দফতর সম্পাদক এম সালাহউদ্দিন আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, যুগ্মমহাসচিব মো: খলিলুর রহমান প্রমুখ। এছাড়া দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির পক্ষ থেকেও মানিক মিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। নেতৃবৃন্দের মধ্যে কমিটির সভাপতি ও ডিইউজে ইত্তেফাক ইউনিটের প্রধান আবুল খায়ের, ডেপুটি ইউনিট প্রধান খোন্দকার গোলাম জিলানী, কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান, ইত্তেফাক ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান, মানিক মিয়া রিসার্চ একাডেমীর পক্ষে সংগঠনটির পরিচালক দেলওয়ার হাসান, নাসিরউদ্দিন সিকদার, মো: শাহজালাল মিয়া, মো: শাহাদাত হোসেনসহ অন্য নেতৃবৃন্দ, বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি সংস্থা (বিএনআরএস) এর সভাপতি আনিসুর রহমান আনিস, সহ-সভাপতি হারুন অর রশিদ, মো: আনোয়ার হোসেন মিন্টু, মুকিত খান জুয়েল, এস এম আব্দুল জব্বার রায়হান, মো: হেলালউদ্দিন মুন্সী, মাহবুবুর রহমান ও মো: দুলাল এবং ভাণ্ডারিয়া কল্যাণ সমিতির পক্ষে সংগঠনটির নেতৃবৃন্দ পৃথকভাবে মানিক মিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সন্তানদের বাসভবনে দোয়া ও কোরআনখানি তফাজ্জল হোসেন মানিক মিয়ার জ্যেষ্ঠ পুত্র ব্যারিস্টার মইনুল হোসেন পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল এতিমখানায় খাবার বিতরণের আয়োজন করেন। কনিষ্ঠ পুত্র ও দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেনের ধানমন্ডির বাসভবনেও আয়োজন করা হয়েছিল কোরআনখানি ও কাঙ্গালি ভোজের। এছাড়া মরহুমের জ্যেষ্ঠ কন্যা মরহুমা আখাতরুন নাহার বেবীর বাসভবনে গতকাল বাদ এশা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। কাজলারপাড় ইত্তেফাক ভবনে মিলাদ মাহফিল মানিক মিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকীতে গতকাল বিকালে রাজধানীর কাজলারপাড়স্থ ইত্তেফাক ভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত মিলাদ ও মোনাজাতে অংশ নেন মরহুমের কনিষ্ঠ পুত্র ও দৈনিক ইত্তেফাক সম্পাদক আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মুহিবুল আহসান শাওন, পরিচালক রেজাউল আহসান ফাগুন, দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির নেতৃবৃন্দের মধ্যে কমিটির সভাপতি ও ডিইউজে ইত্তেফাক ইউনিট প্রধান আবুল খায়ের, দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির সম্পাদক ও দৈনিক ইত্তেফাক (এনএনপিপি ) ওয়াকার্স ইউনিয়নের সভাপতি আলমগীর হোসেন, স্টিয়ারিং কমিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান, স্টিয়ারিং কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাক (এনএনপিপি ) ওয়াকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার আজাদ, স্টিয়ারিং কমিটির সদস্য ও দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী দীপক চন্দ্র রায় প্রমুখ। মানিক মিয়া পরিষদের আলোচনা সভা প্রতিষ্ঠানতুল্য সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সেগুনবাগিচায় অবস্থিত বীরোত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে মানিক মিয়া পরিষদের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে পরিষদের সভাপতি এডভোকেট কাজী এম সাজাওয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থা’র প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভূঁইয়া, সাপ্তাহিক আজকের সূর্যোদয়ের প্রধান সম্পাদক খন্দকার মোজ্জাম্মেল হক, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল আলম, ধানমন্ডি থানা মহিলা লীগের সভাপতি রাজিয়া মোস্তফা, জাগো বাংলাদেশ গামেন্টস শ্রমিকের সভাপতি বাহারানে সুলতান, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, তরুণ সরকার আনাম ও মুশফিকুর রহমানসহ অন্যরা। বক্তারা বলেন, বর্তমানে দেশে যে গণতন্ত্র আছে সে গণতন্ত্র মানিক মিয়ার গণতন্ত্র নয়। তিনি গণতন্ত্রের দিকপাল ছিলেন। বঙ্গবন্ধুসহ বড় বড় অনেক রাজনৈতিক নেতাই তাঁর কাছে ছুটে যেতেন পরামর্শের জন্য। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। রাজনৈতিক নেতাদের তিনি যেমন পরামর্শ দিয়েছেন, তেমনই পত্রিকায় লিখে মানুষকে সচেতন করে তুলেছেন। তিনি আপোষহীন সাংবাদিক ছিলেন। দাঙ্গার বিরুদ্ধেও তাঁকে লড়তে হয়েছিল। বক্তারা আরো বলেন, আজকের সমাজে তাঁর মতো মানুষের বড়ই অভাব। তিনি দেশপ্রেমিক নাগরিক ছিলেন। তিনি তাঁর লেখনীর মাধ্যমে বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর সকল কাজ ছিল সততা ও আদর্শের মধ্য দিয়ে। সব মিলিয়ে তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠ।