বৃ টে নে র রা ণী

দ্বিতীয় এলিজাবেথের ৬০ বছর পূর্ণ

বৃটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ তার শাসনামলের ৬০ বছর পূর্ণ করেছেন। গত ২ জুন রবিবার সিংহাসনে আরোহণের ৬১ বছরে পূর্ণ করেছেন তিনি। ১৯৫৩ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে রাজ সিংহাসনে বসেন তিনি। অবশ্য এর আগে তার পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালের ৬ ফেব্রুয়ারি তিনি অনানুষ্ঠানিকভাবে রাজ সিংহাসনের দায়িত্ব নেন। সে হিসেবে ২০১২ সালেই ৬০ বছর অর্থাত্ হীরকজয়ন্তী পূর্ণ হয়। তবে বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি ১৬ মাস সিংহাসনে আরোহণ করেননি। পরে ১৯৫৩ সালের ২ জুন তিনি ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সিংহাসনে আরোহণ করেন। এ সময়ই তিনি প্রথম রাজমুকুট পরিধান করেন। কাজেই আনুষ্ঠানিকভাবে আজই তার সিংহাসনে বসার ৬০ বছর অর্থাত্ হীরকজয়ন্তী পূর্ণ হল। এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাস ১২শ’ বছরের। এই দীর্ঘ সময়ের ইতিহাসে নিজেও ইতিহাস হয়ে উঠেছেন ‘মহামান্য’ রানি দ্বিতীয় এলিজাবেথ। তিনি একদিকে যেমন হয়ে উঠেছেন এযাবত্কালের বিশ্বের অন্যতম সফল শাসক। তেমনি ১২শ’ বছরের ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সময় রাজসিংহাসনে থাকার সৌভাগ্য অর্জন করেছেন। ব্রিটিশ রাজতন্ত্রের ইতিহাসে রানি এলিজাবেথের চেয়ে বেশি সময় রাজক্ষমতায় ছিলেন মহারানি ভিক্টোরিয়া। তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন ১৮৩৭ সালে। ৬৩ বছর ২১৬ দিন ক্ষমতায় থেকে ১৯০১ সালের ২২ জানুয়ারি প্রায় ৮২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর মধ্য দিয়েই শেষ হয় ভিক্টোরিয়া যুগের। রানি দ্বিতীয় এলিজাবেথ যদি ২০১৫ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন, তখন তাঁর বয়স হবে ৮৯ বছর, তাহলে তিনিই হবেন ব্রিটিশ রাজসিংহাসনে বসা এযাবত্কালের সবচেয়ে বেশি সময়ের রাষ্ট্রপ্রধান। রাজা আলফ্রেড দ্যা গ্রেটের ৩২তম প্রপুত্রী দ্বিতীয় এলিজাবেথের বর্তমান বয়স ৮৭ বছর। রানি দ্বিতীয় এলিজাবেথ ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন এবং দক্ষিণ-পূর্ব আয়ারল্যান্ডের রানি। একইসঙ্গে তিনি কমনওয়েলয়েরও প্রধান। এছাড়া কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জ্যামাইকা, বার্বাডোস, বাহামা দ্বীপপুঞ্জ, গ্রানাডা, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, টুভালু, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং প্রানাডিয়ানস, এ্যান্টিগুয়া এবং বারমুডা, বিলিজ, সেন্ট কিটস এর রাষ্ট্রপ্রধান তিনি। রানি এলিজাবেথ ব্রিটিশ রাজপরিবারেরও প্রধান। তাঁর পুত্র-কন্যার সংখ্যা চার, নাতি-নাতনি রয়েছে ৮ জন এবং পৌত্র-পুত্রীর সংখ্যা ২ জন। এলিজাবেথের বড় ছেলে প্রিন্স চার্লস সিংহাসনের পরবর্তী উত্তরাধিকারী। পৌত্র প্রিন্স উইলিয়াম সিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী। রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ। তিনি ডিউক অব এডিনবরা নামে পরিচিত। রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসনে বসার কথা ছিল না। তাঁর রানি হবার কোন সম্ভাবনাই ছিল না। কারণ ব্রিটিশ রাজ পরিবারের প্রথা অনুযায়ী রাজা বা রানির প্রথম সন্তানই হবেন পরবর্তী রাজা বা রানি। কিন্তু ১৯৩৬ সালে তার অষ্টম এডওয়ার্ড প্রেমিকা ওয়ালিস সিম্পসনকে বিয়ে করবেন বলে সিংহাসন ত্যাগ করেন। ফলে রাজা হন তার ছোট ভাই ষষ্ঠ জর্জ। আর ষষ্ঠ জর্জের প্রথম সন্তান আজকের রানি দ্বিতীয় এলিজাবেথ। এলিজাবেথ জন্মগ্রহণ করেন ১৯২৬ সালের ২১ এপ্রিল, লন্ডন হাউসে। ১৯৩৭ সালে এলিজাবেথের বাবা ষষ্ঠ জর্জ ব্রিটেনের রাজার আসনে বসেন। এলিজাবেথ ছিলেন তখন ব্রিটিশ সিংহাসনের একমাত্র উত্তরাধিকারী। ১৯৪০ সালে এলিজাবেথ প্রথম রেডিও বিবিসিতে শিশুদের উদ্দেশে ভাষণ প্রদান করেন। এরপর ১৯৪৩ সালে ১৬ বছর বয়সে তিনি প্রথম জনসমক্ষে আসেন। সেই এলিজাবেথেই আজ তার শাসনামলের হীরকজয়ন্তী পূর্ণ করলেন। —বিভিন্ন পত্রপত্রিকা ও ওয়েবসাইট অবলম্বনে