চাটমোহরে ডোলা কেনাবেচার ধুম

কৃষকের উত্পাদিত নতুন ধান সংরক্ষণ করার কাজে ব্যবহূত বাঁশের তৈরি ডোল-চাঁটাই কেনা বেচার ধুম চলছে পাবনার চাটমোহর উপজেলার হাট-বাজারে। ডোল ধান-শষ্য সংরক্ষণের কাজে ব্যবহূত হয় চাঁটাই ব্যবহূত হয় ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে; সিলিং করার কাজে। চাটমোহর উপজেলায় শুরু হয়েছে নতুন বোরো ধান কাটার উত্সব। উপজেলার গ্রামগুলোর প্রতিটি বাড়ীতেই এখন চলছে নতুন ধান মাড়াই ও শুকোনার কাজ। আর এসব নতুন ধান ঘরে তুলতেই ডোলের প্রয়োজন দেখা দিয়েছে। চাটমোহর উপজেলার রেলবাজার, নতুনবাজার, মির্জাপুর, মথুরাপুরসহ বিভিন্ন হাট-বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, বছরের যে সময়টাতে ধান ও অন্যান্য শষ্য ফসল কৃষকের ঘরে ওঠে সেই সময়টাতে ডোল বেশি বিক্রি হয়। আর বছর জুড়েই থাকে চাঁটাইয়ের চাহিদা। প্রতিটি ডোল বিক্রি হচ্ছে ৪শ’ থেকে ৫৪০ টাকায় এবং চাঁটাই বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২শ’ টাকায়। উপজেলার রেলবাজার হাটে আসা ডোল ও চাঁটাই বিক্রেতা মিনু দাস বলেন, আমরা নিজেরাই বাঁশ কিনে ডোল তৈরি করি। ডোল তৈরিতে খরচ হয় ২৫০ থেকে ৩৫৫ টাকা আর একটি চাঁটাই তৈরিতে খরচ হয় ১২০ থেকে ১৫০ টাকা। এ হিসেবে একটি ডোল বিক্রি করে ৫০ থেকে ৮০ টাকা ও একটি চাঁটাই বিক্রি করে ৪০ থেকে ৬০ টাকা লাভ থাকে। এর মধ্যে রয়েছে যাতায়াত ও হাটের খাজনা খরচ। ফলে লাভের পরিমাণ খুবই কম।