প্রতিবন্ধীদের উন্নয়নে বাজেট বরাদ্দের দাবি

প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ জাতীয় সংসদ, স্থানীয় সরকারের সকল স্তরে আসন ও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন। গতকাল রবিবার সকালে জাতীয় প্রেসক্লাবে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে তিন দফা দাবিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা এসব দাবি জানান। সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন পরিষদের আহবায়ক আব্দুর সাত্তার দুলাল। সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন, আশরাফুন নাহার মিষ্টি, ইফতেখার হোসেন প্রমুখ। লিখিত বক্তব্যে আব্দুর সাত্তার বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ভিত্তিক জাতিসংঘ সনদ, প্রতিবন্ধী বিষয়ক জাতীয় নীতিমালা ও কর্মপরিকল্পনার বাস্তবায়ন এখনো হয়নি। প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারকে অবহেলা ও বৈষম্যমুক্ত করতে সুনির্দিষ্ট দাবিগুলো নিয়ে সরকারের বিভিন্ন স্তরে আলোচনা করেছি কিন্তু আমাদের একটি মূল দাবিও পূরণ হয়নি। অথচ আমরা এদেশের এক কোটিরও অধিক ভোটার। আমাদের প্রাত্যহিক জীবনকে বাধামুক্ত করতে ও বৈষম্যহীন করতে সরকার সঠিক দায়িত্ব পালন করছে না। বরং আমাদের প্রতি বৈষম্য ও অবহেলা বেড়েই চলেছে। সম্মেলনে তিনটি দাবির মধ্যে জাতীয় সংসদে ৩৫টি ও স্থানীয় সরকারের সকল স্তরে ২টি করে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন রাখতে হবে। জাতীয় বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠনগুলোর ক্ষমতায়ন ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে শতকরা ১ ভাগ এবং সকল মন্ত্রণালয়ের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নবান্ধব নিশ্চিত করতে বরাদ্দের দাবি জানিয়েছেন। সরকার কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী বিষয়ক জাতিসংঘ সনদের আলোকে অধিকার ভিত্তিক ও বৈষম্যমুক্ত আইন করারও দাবি জানানো হয়।