মিল্কভিটার দুধবাহী গাড়ি হরতালের আওতামুক্ত রাখার অনুরোধ

দেশের প্রান্তিক সমবায়ী এবং ভোক্তা সাধারণের স্বার্থে ‘শিশু খাদ্য ও রোগীর পথ্যরূপে’ পরিগণিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ দুগ্ধ উত্পাদনকারী সমবায় ইউনিয়নের (মিল্কভিটা) তরল দুধ ও দুগ্ধজাত সামগ্রী বহনকারী ট্যাংকার কভার্ডভ্যানসহ অন্যান্য গাড়িসমূহ হরতালের আওতামুক্ত রাখতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এ ব্যাপারে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেছেন। রবিবার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় হরতালের কারণে দৈনিক দেড় লক্ষ সমবায়ীর নিকট হতে প্রতিদিন ২ লক্ষ ৪০ হাজার লিটার দুধ সংগ্রহ করা সম্ভব না হওয়ায় তারা একদিকে যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে সারাদেশে শিশু কিশোর, রোগীসহ ভোক্তাসাধারণের কাছে প্রতিদিন আনুমানিক দেড় কোটি টাকা মূল্যের তরল দুধ ও দুগ্ধজাত সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ বিঘ্নিত হচ্ছে।