সংসদের জন্য ২০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২১:২১
নতুন অর্থ বছরের (২০১৩-২০১৪) জন্য জাতীয় সংসদের উন্নয়ন ও অনুন্নয়ন খাতে প্রায় দুইশত কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়েছে। গতকাল রবিবার জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয় কমিশনের সভায় এ অনুমোদন দেয়া হয়।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সভায় কমিটির সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগদান করেন। নবনির্বাচিত স্পিকারকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তার সার্বিক সাফল্য কামনা করেন। তিনি বলেন, জাতীয় সংসদ ভবন বিশ্ব স্থাপত্য নিদর্শনের অন্যতম ঐতিহ্য। তিনি এই ভবনের স্থাপত্য মান অক্ষুণ্ন রাখার লক্ষ্যে যে কোন মেরামত ও সংস্কার কাজে ভবনের স্থপতি লুই আই ক্যানের নকশা ও ব্লু প্রিন্ট অনুসরণ এবং স্থাপত্য অধিদফতরের পাশাপাশি বেসরকারি সংস্থা ও খ্যাতিমান স্থপতিদের পরামর্শ গ্রহণের নির্দেশনা দেন। এছাড়া প্রধানমন্ত্রী সংসদ ভবন ও সংসদ এলাকায় মাস্টার প্লান বহির্ভূত কোন পরিবর্তন, পরিবর্ধন ও সংস্কার কাজ যাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকারও পরামর্শ দেন।
সংসদ সচিবালয় জানায়, সভায় জাতীয় সংসদের উন্নয়ন ও অনুন্নয়ন খাতে ১৯৫ কোটি ৪২ লাখ টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়। এর মধ্যে অনুন্নয়ন খাতে ১৫৮ কোটি ৯৫ লাখ টাকা এবং উন্নয়ন খাতে ৩৬ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দের অনুমোদন দেয়া হয়।