প্রাইম ব্যাংকের ৯ কর্মকর্তাকে দুদকে জিজ্ঞাসাবাদ
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২১:২১
বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির ঘটনায় প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ সাবেক ও বর্তমান নয় ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রবিবার দুদকের প্রধান কার্যালয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা হলেন- মতিঝিল কর্পোরেট শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও অপারেশন ম্যানেজার মহিউদ্দিন আহমেদ, হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশনের এসইভিপি হাবিবুর রহমান, প্রধান কার্যালয় সিআরএম ডিভিশনের এসইও কামাল হোসেন, ইও সাবেক ক্রেডিট অফিসার (বর্তমানে ইউসিবিএল ব্যাংকে কর্মরত) এমআই খালেদ, সিআরএম ডিভিশনের এসভিপি মোহাম্মদ জামিল হোসেন, হেড অব এক্সপোর্ট ফাইন্যান্স ডিভিশনের সাবেক ভিপি (বর্তমানে এক্সিম ব্যাংকে কর্মরত) ফখরুল ইসলাম, এক্সপোর্ট ফাইন্যান্স ডিভিশনের এসএভিপি এসএম খোরশেদ আলম, সাবেক ভিপি ও সিআরএম এক্সিকিউটিভ (বর্তমানে ইউসিবিএল ব্যাংকে কর্মরত) জাইরুল ইসলাম, সাবেক হেড অব কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের শাখা প্রধান মোজাম্মেল হোসেন। দুদকের অনুসন্ধান কমিটির প্রধান ও উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে তিনসদস্যের টিম তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন।
দুদক সূত্র জানায়, বিসমিল্লাহ গ্রুপের বিরুদ্ধে জনতা ব্যাংক, শাহ্জালাল ইসলামী ব্যাংক, যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক এবং প্রাইম ব্যাংক থেকে প্রায় ১২শ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। অভিযোগের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারি দুদক পাঁচ সদস্যের একটি অনুসন্ধান টিম গঠন করে। এ অনুসন্ধান টিম ইতোমধ্যে ব্যাংকগুলোর নথি পর্যালোচনা করে সন্দেহভাজন অর্ধশতাধিক ব্যাংক কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছে।