বিপজ্জনক ট্রলারই নেত্রকোনার হাওরে যাতায়াতের ভরসা
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২২:০৯
বর্ষা আসার আগেই নেত্রকোনার হাওর উপজেলাগুলোর অধিকাংশ সড়ক এখন পানিতে নিমজ্জিত। ভাটি এলাকায় প্রচুর বৃষ্টিপাত হওয়ায় এবং সুরমার পানি নীচের দিকে নেমে আসায় হাওরগুলো পানিতে ভরে উঠেছে। তাই শুষ্ক মৌসুমের ডুবন্ত সড়কসহ সকল সড়কই পানিতে তলিয়ে গেছে। আর এর সাথে সাথে শুরু হয়েছে হাওরের বুকে ইঞ্জিন চালিত ট্রলার। বর্ষাতে এই ট্রলারই একমাত্র যাতায়াতের ভরসা।
নেত্রকোনা জেলার মদন, মোহনগঞ্জ, খালিয়াজুির, কলমাকান্দা, বারহাট্টা উপজেলার কিছু অংশ ছাড়াও পার্শ্ববর্তী ধর্মপাশা, জগন্নাথপুর, মধ্যনগর, ইটনাসহ বিভিন্ন এলাকায় এই ট্রলারে ৭/৮ মাস যাতায়াত করতে হবে। পণ্য পরিবহনও হবে এই ট্রলারে। তবে ইঞ্জিন চালিত এই ট্রলারে চলাচলও বিপজ্জনক। প্রতিবছর ট্রলার দুর্ঘটনায় বেশ কিছু লোক প্রাণ হারায়। এরপরও পুরো বর্ষা মৌসুমে এই ট্রলারই একমাত্র ভরসা। শত শত ট্রলার চলে হাওরের বুকে। যদিও সরকার এই ট্রলার থেকে তেমন কোন রাজস্ব পায় না। ঘাটের লোকজন ট্রলার মালিকদের নিকট থেকে চাঁদা নেয়। ট্রলার মালিকরা একটা নিয়মের মধ্যে ট্রলার চলাচলের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।