নিরাপদ খাদ্য আইন হচ্ছে

জনগণের জন্য নিরাপদ ও ভেজালমুক্ত খাদ্য সরবরাহ নিশ্চিত করতে নিরাপদ খাদ্য আইন ২০১৩ নামে একটি আইন করা হচ্ছে। ইতিমধ্যেই আইনটির খসড়া প্রণয়ন করা হয়েছে। সংসদের আগামী অধিবেশনেই এটি পাস হবে বলে আশা করা হচ্ছে। গতকাল রবিবার চট্টগ্রাম চেম্বার অব কমার্স আয়োজিত খাদ্য নিরাপত্তা আইন শীর্ষক এক সেমিনারে এ কথা জানিয়েছেন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। চট্টগ্রাম চেম্বারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে খাদ্যমন্ত্রী বলেন, ভেজাল খাদ্য নিয়ে জনগণ আতঙ্কিত। বাজারে ভেজালমুক্ত খাদ্যের জোগান নিশ্চিত হলেই জনগণের আতঙ্ক দূর হবে। এ কারণেই নিরাপদ খাদ্য আইন করার উদ্যোগ নিয়েছে সরকার। অতি জরুরি এ আইনটি পাস হওয়ার পর তা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। এ ব্যাপারে কাউকে কোনো ধরনের ছাড় দেয়া হবে না। তিনি কৃষকদের ধান চাষে উত্সাহিতকরণ এবং ন্যায্য দর নিশ্চিতকল্পে চাল রপ্তানি করা হবে বলেও মন্তব্য করেন। চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন এমএ লতিফ এমপি, সৈয়দ জামাল আহমেদ, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল বারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক জোবায়ের আহমেদ, ক্যাব চট্টগ্রামের সভাপতি ইকবাল বাহার সাবেরী প্রমুখ। বিকালে খাদ্যমন্ত্রী চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় নবনির্মিত ১৩টি খাদ্যগুদাম উদ্বোধন করেন।