এম কে আনোয়ার ও বুলুর জামিন
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২২:২১
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার ও যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলুর জামিন মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ আদেশ দেন। গতকাল আদালতে দুই নেতার পক্ষে আলাদা আলাদা আবেদনের শুনানি হয়। এ সময় আসামিদের পক্ষে এডভোকেট সানাউল্লাহ মিয়া, এডভোকেট মাসুদ আহমেদ তালুকদারসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে পিপি আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা না করে আদালতকে বলেন, যেহেতু আসামিরা সংসদ সদস্য, আগামীকাল ৩ জুন সংসদ অধিবেশন শুরু হচ্ছে, তাই আসামিরা সংসদে যোগদানের শর্তে জামিন পেতে পারেন। সামপ্রদায়িক উস্কানি দেয়ার অভিযোগে দায়ের করা এক মামলায় গত ২৭ মে এম কে আনোয়ার ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নাকচ করে কারাগারে পাঠানো হয়। গত ১৫ মে বিএনপির নয়াপল্টনের কার্যালয় থেকে বুলুকে গ্রেফতার করে পুলিশ।