তত্ত্বাবধায়ক ব্যবস্থা আর কোনোদিন ফিরে আসবে না :নাসিম
প্রকাশ : ০২ জুন ২০১৩, ২২:২১
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বাংলাদেশে আর কোনদিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে না। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে ইতোমধ্যে এ ব্যবস্থা বাতিল হয়ে গেছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে হলে সুপ্রীম কোর্ট বাতিল করতে হবে। আরো বাতিল করতে হবে দেশের পার্লামেন্টকে।
গতকাল রবিবার নিজাম উদ্দিন আজগর আলী কলেজ মাঠে সুজানগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভাষণে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এ কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে নির্বাচন নিয়ে কেউ কারচুপির কথা বলতে পারেনি। তাই আগামী বছরের জানুয়ারি মাসে নির্বাচন কমিশনের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সকল প্রশাসনিক ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের অধীনে। শেখ হাসিনা থাকবেন শুধুমাত্র দাফতরিক প্রধান হিসেবে।
সুজানগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুর রহমান শরীফ ডিলু এমপি, গোলাম ফারুক খন্দকার প্রিন্স এমপি প্রমুখ। বিকালের অধিবেশনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে আবুল কাশেমকে সভাপতি ও আব্দুল ওহাবকে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।