হেলিকপ্টার দুর্ঘটনায় অক্ষত ইরানের প্রেসিডেন্ট

ইরানে হেলিকপ্টার দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। তার সফর সঙ্গীরাও অক্ষত আছেন। পাইলটের দক্ষতার সঙ্গে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি জরুরি অবতরণ করাতে সক্ষম হন। খবর বিবিসির। ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাজানদারান প্রদেশে গতকাল রবিবার দেশটির সবচেয়ে বড় সুড়ঙ্গ রাস্তাসহ তিনটি প্রকল্প উদ্বোধন করতে গিয়েছিলেন প্রেসিডেন্ট। হঠাত্ করে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে এবং পাইলট সেটিকে আলবরজ পর্বতে নিরাপদে জরুরি অবতরণ করাতে সক্ষম হন। প্রেসিডেন্ট অফিসের ওয়েবসাইটে জানানো হয়েছে, প্রেসিডেন্টসহ সবাই অক্ষত আছেন। তবে দুর্ঘটনার বিষয়টি সম্পর্কে কিছু জানা যায়নি। দুর্ঘটনার পর আহমাদিনেজাদ গাড়িতে করে রাজধানী তেহরানে ফিরে যান। এ বছর আগস্টে আহমাদিনেজাদের মেয়াদ শেষ হচ্ছে। ইরানের সংবিধান অনুযায়ী দুইবারের বেশি কেউ প্রেসিডেন্ট পদে থাকতে পারে না। চলতি মাসেই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।