টানা ছয় কার্যদিবস শেয়ারবাজার ঊর্ধ্বমুখী
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২০:১৪
বাজেটীয় প্রত্যাশাকে কেন্দ্র করে বেশ কিছু দিন ধরেই বাজারে ইতিবাচক ধারা দেখা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় টানা ৬ কার্যদিবস ধরে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন উভয়ই আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে গত সাড়ে তিনমাসের মধ্যে সর্বোচ্চ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৩৫ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৯৭৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২১৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬২ পয়েন্টে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৪৬ কোটি ৯৯ লাখ ৩৩ হাজার টাকা। যা গতকালের তুলনায় ৭০ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৮৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির। আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, বাজেটীয় প্রত্যাশাকে কেন্দ্র করে শেয়ারবাজারে গত কয়েকদিন ধরে ঊধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এর ধারাবাহিকতায় লেনদেনও বাড়ছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে গত ৭০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। গতকাল দাম বাড়ার ক্ষেত্রে এগিয়ে ছিল ইঞ্জিনিয়ারিং খাত, টেলিকমিউনিকেশন খাত এবং জ্বালানি খাত। আর লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল জ্বালানি খাত। এ খাতে লেনদেন হয়েছে প্রায় ৭৬ কোটি ৬২ লাখ টাকা। যা বাজারের মোট লেনদেনের প্রায় ১৪ শতাংশ। একইসঙ্গে এগিয়ে থাকা অন্য খাতগুলো হলো- বস্ত্র খাত, ব্যাংকিং খাত এবং ফার্মাসিউটিক্যালস খাত। এদিকে আগের দিনের মতো গতকালও বাজারে মিউচুয়াল ফান্ড খাতের লেনদেন ভালো হয়েছে।