লেবাননে হিযবুল্লাহর সাথে সিরীয় বিদ্রোহীদের তুমুল লড়াই
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২১:১৫
লেবাননের সীমান্তে বালবেক শহরের বেকা উপত্যকার কাছে সিরীয় বিদ্রোহী ও হিজবুল্লাহ গেরিলাদের রাতভর তুমুল লড়াইয়ে কয়েকজন যোদ্ধা নিহত হওয়ার খবর রবিবার জানিয়েছে লেবাননের কয়েকটি নিরাপত্তা সূত্র। খবর রয়টার্স ও বিবিসির। এক সূত্র ১৫ বিদ্রোহী এবং এক হিজবুল্লাহ গেরিলা নিহত হয়েছে বলে জানিয়েছে। তবে প্রত্যন্ত ওই অঞ্চল থেকে সব মৃতদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা জানা সম্ভব হচ্ছে না। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক হিজবুল্লাহ গেরিলারা সিরীয় সেনাবাহিনীর সঙ্গে যোগ দিয়ে কুসাইর থেকে বিদ্রোহীদের উত্খাতে লড়ছে। সেখানে তুমুল লড়াই চলছে। অন্যদিকে, লেবাননের সুন্নি মুসলিম যোদ্ধারা যোগ দিয়েছে আসাদ-বিরোধী বিদ্রোহীদের সঙ্গে। বিদ্রোহীরা কুসাইরে হিজবুল্লাহ গেরিলাদের হামলার জবাবে লেবাননে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এর আগে সিরিয়া থেকে অন্তত দু’টি রকেট লেবাননের অভ্যন্তরে ছোঁড়া হয়। রকেটগুলো হারমেল শহরের বেকা উপত্যকায় আঘাত হানে। তবে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সিরিয়ার বিদ্রোহীরা রকেট হামলার দায়িত্ব স্বীকার করেছে। বিদ্রোহীদের দাবি, হিজবুল্লাহ সিরিয়ায় সংঘর্ষে জড়িয়ে পড়ার প্রতিবাদে এ রকেট হামলা চালানো হয়েছে। সিরিয়ার সরকারবিরোধী এক আন্দোলনকর্মী শুক্রবার বিবিসি’কে জানান, কুসাইরে এখনো আটকা পড়ে আছে প্রায় ৩০ হাজার নাগরিক। এই শহরটি লেবাননের সীমান্তবর্তী। কুসাইরের বিদ্রোহী নিয়ন্ত্রিত অংশগুলো বন্ধ করে দিয়েছে সরকারিবাহিনী এবং হিজবুল্লাহ যোদ্ধারা। আন্তর্জাতিক রেডক্রস কমিটি এক বিবৃতিতে বলেছে, কুসাইরে বেসামরিক নাগরিকদের আটকা পড়ার খবরে তারা উদ্বিগ্ন এবং অবিলম্বে তাদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে সেখানে যেতে তারা প্রস্তুত।