বরিশালে কাগজের পোস্টারের পরিবর্তে ডিজিটাল ব্যানার
প্রকাশ : ০৩ জুন ২০১৩, ২১:৩৯
আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নগর জুড়ে শুধুই ডিজিটাল ব্যানার ও পোস্টারের ছড়াছড়ি। প্রেসগুলোতে কর্মচারীরা অলস সময় কাটাচ্ছে। ডিজিটাল ব্যানার ও পোস্টার লেমিনেটিং করে প্রার্থীরা নগরীর বিভিন্ন স্থানে ঝোলাতে ব্যস্ত। নির্বাচনী প্রচারণায় পোস্টার ছাপার জন্য প্রেসগুলোতে এবার কোনো ভিড় নেই। বর্ষার কারণে প্রার্থীরা ডিজিটাল ব্যানার ও পোস্টার লেমিনেটিং করে তা ঝুলিয়েছেন নগরীর সর্বত্র। প্রেসগুলো যখন অলস পড়ে রয়েছে তখন ডিজিটাল ব্যানার তৈরির দোকানগুলোতে প্রার্থীদের সমর্থকদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে।
নির্বাচন কমিশন ডিজিটাল ব্যানারের বিষয়ে কোনো আপত্তি না করায় ৩ মেয়র প্রার্থী সহ ১১৫ জন কাউন্সিলর ও ৪৭ সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী তাদের নির্বাচনী প্রতীক সংবলিত ডিজিটাল ব্যানার তৈরি করে নগরীর সর্বত্র ঝুলিয়ে দিচ্ছেন। বর্ষায় নিরাপদ থাকার পাশাপাশি এ ব্যানার - পোস্টারে রয়েছে আধুনিকতার ছোয়া। প্রার্থীদের দৃষ্টিনন্দন ছবি ও নির্বাচনী প্রতীক দিয়ে এসব ডিজিটাল ব্যানার ঝোলানোর প্রতিযোগিতা চলছে কর্মী-সমর্থকদের মধ্যে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই পোস্টার-ব্যানারে সয়লাব হয়ে যাচ্ছে নগরী।
এখানকার পলি-সাইন সাগর-ডিজিটাল ব্যানারসহ ডিজিটাল ব্যানার প্রস্তুতকারী বিভিন্ন প্রতিষ্ঠান জানায়, ২৪ ঘণ্টা মেশিন চালু রেখেও প্রার্থীদের চাহিদা মেটানো যাচ্ছে না। পলি-সাইনের বড় সাইজের একেকটি ডিজিটাল ব্যানার তৈরিতে খরচ পড়ে ৬শ’ টাকা। এরপর এ ব্যানারে কাঠ মিস্ত্রিদের কাছ থেকে শক্তভাবে সেট করে তা সাটাতে প্রত্যেকটিতে খরচ পড়ে প্রায় ৮ থেকে ৯শ’ টাকা। সদর রোড সহ নগরীর ৩০টি ওয়ার্ড মিলিয়ে কোটি টাকার উপরে ডিজিটাল ব্যানার ঝুলিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
ডিজিটাল ব্যানারে শুধুমাত্র প্রার্থীর ছবি ও মার্কাই শোভা পাচ্ছে না। একাধিক ব্যানারে নগরীর উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে সদ্য বিদায়ী মেয়র শওকত হোসেন হিরনের পক্ষে নানান ছবি ও শ্লোগান সংবলিত ডিজিটাল ব্যানার নগরীর গুরুত্বপূর্ণ স্থানে সাটিয়ে দেয়া হয়েছে। একাধিক প্রার্থী ইত্তেফাককে জানান, বৈরি আবহাওয়ায় বৃষ্টির সাথে ঝড়ো বাতাসে পোস্টার লাগিয়ে এক ঘণ্টাও রাখা যায় না। এরপর তারা পলিথিন মুড়িয়েও পোস্টার রক্ষার চেষ্টা করেছেন। তাও বাতাসে নষ্ট হয়ে যায়। একমাত্র ডিজিটাল ব্যানারই সবচেয়ে বেশি টেকসই। একটু খরচ হলেও তারা ডিজিটাল ব্যানার দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালাচ্ছেন।