সিলেটে মেয়র প্রার্থীদের নিয়ে আজ বিবিসি সংলাপ

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন মেয়র প্রার্থীদের নিয়ে আজ মঙ্গলবার বিবিসির আয়োজনে বিশেষ নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হবে। নগরীর জালালাবাদ গ্যাস লিমিটেডের মিলনায়তনে রাত ৮টা ৫০ মিনিটে এ সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন আয়োজকরা। সিলেটে তিন মেয়র প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান, আরিফুল হক চৌধূরী ও সালাউদ্দিন রিমনের এ সংলাপে অংশ নেয়ার কথা। ২০০৮ সালেও সিলেট, রাজশাহী, খুলনা ও বরিশাল এবং পরে ২০১০ সালে চট্টগ্রামে সিটি কর্পোরেশনে মেয়র পদপ্রার্থীদের নিয়ে নির্বাচন কমিশনের উদ্যোগে একই ধরনের নির্বাচনী সংলাপের আয়োজন করেছিলো বিবিসি। বিবিসি আয়োজিত এ সংলাপে নাগরিক জীবনের বিভিন্ন সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের ভূমিকা এবং সিটি কর্পোরেশনকে একটি কার্যকরী সেবাদান প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে মেয়র পদপ্রার্থীদের পরিকল্পনা বিষয়ে তাদের সরাসরি প্রশ্ন করতে পারবেন নগরীর ভোটাররা। বিবিসি বাংলার সংবাদদাতা ওয়ালিউর রহমান মিরাজের প্রযোজনায় নির্বাচনী সংলাপ উপস্থাপনা করবেন আকবর হোসেন। বিবিসি বাংলা ও বিবিসি মিডিয়া অ্যাকশন যৌথভাবে এই নির্বাচনী সংলাপের আয়োজন করেছে। নির্বাচনী সংলাপ অনুষ্ঠানের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের নানা রকম সমস্যা এবং তা সমাধানে তাদের মতামত তুলে ধরতে পারবেন। বিবিসি বাংলাদেশ সংলাপে‘র মিডিয়া কর্মকর্তা অনন্যা সান্যাল প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটের পর ৭ জুন রাজশাহী, ১০ জুন খুলনা এবং ১২ জুন বরিশালে নির্বাচনী সংলাপ অনুষ্ঠিত হবে।