সাগর-রুনীর নামে ডিআরইউতে মিলনায়তন

নিহত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনীর নামে নিজেদের একটি মিলনায়তনের নামকরণ করছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সোমবার সংগঠনের সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। এখন থেকে ডিআরইউ ভিআইপি মিলনায়তনটি ‘ডিআরইউ—সাগর রুনী’ মিলনায়তন হিসাবে পরিচিতি পাবে। ডিআরইউ সাধারণ সম্পাদক ইলিয়াস খানের পরিচালনায় কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের দুই সদস্য সাগর-রুনীর প্রকৃত হত্যাকারীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবি জানানো হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে শিগগিরই সাংবাদিক সমাবেশ আয়োজন করবে ডিআরইউ। কার্যনির্বাহী কমিটির সভায় সংগঠনের সহ-সভাপতি এবিএম জিয়াউল কবির সুমন, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, জামিউল আহসান শিপু প্রমুখ উপস্থিত ছিলেন।